এভাবেও খুন হয়ে যাওয়া যায়;এভাবেও মাটি হওয়া যায়;
চারদিক ঘিরে থাকা দেয়ালে লেপে দেয়া মারণ-সুবাস এভাবেও ভরে দিতে পারে আত্মা,নির্বাসিত সত্তা;এ'পাশ ও'পাশ আর করতে হয়না মাটির বিছানায়।
চামড়া'র নিচে কিলবিলে পোকাদের বাস,
বুকের পাঁজরে যদি চাষ হয়
বারমাসি আগাছা;খুন তবে হয়ে যায় দেবতা,
হয়েই যায় ভুল-ভাল হিসেব।
মোদো-মাতাল লক্ষ্মীছাড়া,
উড়ে যেতে পারে লক্কা পায়রা হয়ে
বারবণিতা'র ঘরে;পাশবালিশের মোহ কাটিয়ে
খুন হতে পারে বারোয়ারি বিছানায়।
এভাবেও খুন হওয়া সম্ভব;এমনও রূপান্তর সম্ভব;
আজ গতকাল হয়,হয়ে যায় ফসিল আর কাঠকয়লা।জঙ্গুলে চাঁদের ডাকে যাযাবর খুন হয়ে যেতে পারে লোভাতুরা চন্দ্রছোবলে।হিস হিস,ফিস ফিস বিষ;পূর্ণিমায় ফণা তোলে চাঁদ।
পুরবাসী নাগরিক সাবধান;
আজ কেউ বেরিওনা পথে,
খুন হয়ে যেতে হতে পারে,
দেবলোকে প্রস্থান ঘটে যেতে পারে।
বাতিল রদ্দি যত জঞ্জাল খুন হয়ে জন্মায়
শো-কেসে শো-পিস;তাই যদি হতে চাও
হতেই পার খুন।মরে উবে যেতে পারো,
তোমাদের নতুন আবাসে তবে ফুটবেই
ঘাস-কাশফুল;সুবাস অন্তরীন যদিও,
তাও,যদি চাও পেতে পারো এমন সুযোগ।
এভাবেও তাই খুন হতে পারো;এভাবেও তাই বদলে নিতে পারো নিজের শরীর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



