অপেক্ষা
-আবু মকসুদ
আমাদের ভিতর বাড়ির দাওয়ায় বসে এক বৃদ্ধ
তেতুল গাছের বয়স গুনছেন
স্মৃতিচারণে দেখছেন কোথায় কোথায় রেখেছেন হাতের ছাপ
ফণিমনসার কাঁটা দেখছেন, দেখছেন বৃষ্টির মাঠে কচি কচি শিলাফুল
শুনছেন দুরের ট্রেনের হুইসেল, ধুঁয়ার কুন্ডলির গতিময়তা
বাধা পুকুর ঘাটে কেচে দিচ্ছেন কলারের যাবতীয় ময়লা
যাত্রামঞ্চে সখের অভিনয়ে ভাঙ্গছেন মাটির পুতুল
আমাদের ভিতর বাড়ির দাওয়ায় বসে এক বৃদ্ধ
গঞ্জের দোকানে দেখছেন সাজানো গৃহস্থালি
দেখছেন আছড়ে পরা সমুদ্রের ছোটখাট ঢেউ
দেখছেন একজন মজদুর নারীর প্রাত্যহ্যিক ঘরকন্না
দেখছেন বয়েসী বটের নীচে সন্ন্যাস সন্ন্যাসীনির অবৈধ প্রেম
দেখছেন পড়শির পাতকুঁয়ায় তলিয়ে যাওয়া রুপার কড়াই
দেখছেন ঘোমটা পরা মায়ামুখ আর সাজানো নৈবেদ্যের ডালি
আমাদের ভিতর বাড়ির দাওয়ায় বসে আমার বৃদ্ধ জনক
বালিশ বিছানার মায়া, চৈত্রের খাঁ খাঁ দুপুর ভাবছেন
ভাবছেন কবে আসবে ফিরবার সংকেত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




