রাতের বেলা খাবারের পর নিয়মিত গল্পের আসরটা খুব মনে পড়ে। জীবনে ব্যস্ততা বেড়েছে বহুগুণ। অবসরে আসর করার সুযোগ মধ্যবিও জীবনে খুব বিরল হয়ে পড়ছে। সবাই ব্যস্ত। বাবা-মা'র ছেলেমেয়েদের সময় দেওয়ার সুযোগ কোথায়? অথচ তার প্রয়োজনটা খুব বেশী। আমার মনে পড়ে প্রতিদিন রাতের খাবারের পর বাসার নিয়মিত বৈঠকী আসরের কথা। দেশ, দশ, সমাজ, গ্রামের বাড়ী, অতীত সব উঠে আসত আমাদের পারিবারিক গল্পের আসরে। রাজনীতি ছিল প্রিয় টপিক। কথার মাঝে ফুটত কথা। মা বেশ বিরক্ত হয়ে বলতেন, "এবার বন্ধ করতো তোদের এসব গাল-গল্প। অনেক রাত হয়েছে ঘুমাতে যা"। এধরণের আসরের সম্পর্কগত মূল্য অনেক বেশী।
আমার অন্যান্য বন্ধুরা যখন তাদের বাবাকে এড়িয়ে যেত অথবা ভয় পেত, তখন আমি আমার বাবার সাথে মোটামুটি সব ব্যাপার নিয়ে তর্ক-বিতর্ক করতাম। বাবা শাসন করেন কিন্তু তিনি আবার সোহাগও করেন। বাবা তার সন্তানের মাঝে খুঁজে পান তার প্রতিকৃতি এবং তার ভবিষ্যত। তাই যারা বাবা হয়েছেন এবং বাবা হবেন, তারা বাবার সাথে অথবা সন্তানের সাথে সহজ হতে চেস্টা করুন। চুটিয়ে গল্প করুন। মনের কথা বলুন। শাসন আর ভয়ের সম্পর্ক নয়, সহজ বন্ধুর সম্পর্কগড়ে তুলুন গল্পের ছলে আর মায়ার জালে। অনেক অযাচিত সমস্যা থেকে রক্ষা পাবেন। তাই রচনা করুন ভাল লাগার স্মৃতি আপনার সন্তানের সাহচর্যে। কবি নজরুলের ভাষায় বলতে হয়:
"ভাল লাগার স্মৃতি ভোলা নাহি যায়
তাই বারে বারে আসি ফিরে তব আঙিনায়..."
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




