দ্বন্দ্বটা যখন বিশ্বাস আর বোধের
তখন কি হবে অহেতুক কথা বলে
যে জ্বলার সে জ্বলে সুন্দরের অনলে
নেপথ্যে জন্ম নেয় প্রতিহিংসা ক্রোধের।
কেউ কেউ চুলের খোঁপায় ফুল গোঁজে
কেউ গোঁজে অদৃশ্য তলোয়ারের ফলা
যে বোঝার বোঝে কথা না হলেও বলা
কেউ স্রেফ খেয়ালে আগুন দেয় সবুজে।
কিছু কিছু সময় তর্কটা নিরর্থক
অর্থহীন হাজার যুক্তির মিছিল
তোমাদের কাছে যা হিংস্র চিল
আমাদের কাছে তা কোমল সাদা বক।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



