ভোর পাঁচটা দশে ঘুম জড়ানো চোখে মোবাইলের নীল স্ক্রীনে দেখলাম নতুন ম্যাসেজ এসেছে। ম্যাসেজ খুলেই ঘুম হাওয়া--"ব্লগের মিথিলা মেয়েটা মারা গেছে। খুব খারাপ লাগতেছে। কেন জানি না।"
আমি হতভম্ব। মন ভোঁতা হয়ে গেল।
জীবনকে কত হেলায় ফেলায় নেই আমরা, আমরা বেঁচে থাকি।
কত শত বার মরে যেতে ইচ্ছা হয়, আমরা বেঁচে থাকি।
জীবনের মানে নিয়ে বিভ্রান্ত আমরা, আমরা বেঁচে থাকি।
সুন্দর মেয়েটা কি তীব্র ভাবে বাঁচতে চাচ্ছিল সুন্দর পৃথিবীকে ভালোবেসে, অর্থবহ জীবনকে ভালোবেসে, ভালোবাসাকে ভালোবেসে, ওর যাওয়ার ব্যবস্থা হয়ে গেল।
নব্বই বছর কীটের মত নি:শব্দে বেঁচে থেকে কি লাভ আমি জানি না। আঠারোর মেয়ে মিথিলা বাস্তবে কেমন জানি না, কিন্তু ব্লগাক্ষেত্রে অল্প দিনের মধ্যে ব্লগারদের যেভাবে আপন করে নিয়েছিল, সহজ সুন্দর কথাগুলো দিয়ে, বেঁচে থাকার তীব্র আকুতি দিয়ে, সেটা কয় জন পারে? মেয়ে কি জানে, ওর না থাকাটা পৃথিবীর এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরিচিত মানুষদেরও কি করে নাড়িয়ে দিয়ে গেল? নইলে, ব্লগেই প্রথম পরিচয়, কখনও যাকে সামনা সামনি দেখিনি, এমন এক বন্ধু কেন হাজার মাইল দূরের আমার ঘুম ভাঙিয়ে ছোট্ট মেয়ে মিথির খবর দিয়ে মন খারাপ করিয়ে দিবে? আর পৃথিবীর ছয় বিলিয়ন মানুষের মধ্যে একটা বিশুদ্ধ ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন ব্যাপার। ভাগ্যের ব্যাপার। মেয়েটা সেটা পেয়েছে।
মৃত্যু নিয়ে না ভাবতে চেয়েও ভাবনা হলো আজ কিছু। হাহাকার হলো, কষ্ট হলো। মিথি মনি, অনেক ভালো থেকো। যাওয়ার আগের দিন যাকে নিয়ে লিখলে, তোমার সেই প্রিয় মানুষটা ভালো থাকুক, আন্তরিক দোআ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৭ রাত ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







