
সবাই হাসি হাসি মুখে তাকে ঘিরে দাড়িয়ে আছে, কেউ কেউ বলছে পজিটিভ হলে মিষ্টি খাওয়াতে হবে। কিছুক্ষন পরেই রেজাল্ট আসল পজিটিভ।
আমার স্বাস্থ্য সহকারী এসে বলল স্যার, ওনার পি টি পজিটিভ।
আমি বেশ অবাক হয়েই মেয়েটার দিকে তাকালাম, বিশ্বাস করুন মা হওয়ার যে ফিলিংস বা অনুভূতি তার কোন কিছুই তার মধ্যে নাই। আর থাকবেই বা কি করে যে বয়সে মেয়েটার বান্ধবীদের সাথে গল্প করার কথা কিংবা পড়ার টেবিলে নতুন কোন টপিক নিয়ে কিভাবে পড়লে ভাল রেজাল্ট করা যাবে সেই চিন্তা করার কথা, সেখানে কিনা এই মেয়ে মা হতে যাচ্ছে।
মিলু(ছদ্ম নাম) ১৪ বছর বয়স, মাস দেড়েক হল বিয়ে হয়েছে। দেড় মাসের মাথায় পি টি( প্রেগনেন্সি টেস্ট) পজিটিভ, পড়শিরা সবাই যেখানে তার এই খবর শুনে মজা করছিল, আমি তার চোখে মুখে দেখতে পাচ্ছিলাম নিশ্চিত ভারী দুশ্চিন্তার ছাপ। সে নিজেও হয়ত বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে।
কান, নাক ফুঁড়িয়ে হাতে চুরি পড়িয়ে দিলেই একটা মেয়ে মা হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় না।মা হওয়া একটা বিশাল ব্যাপার আর তার প্রস্তুতি টাও নিতে হয় বিশাল ভাবেই।
আমাদের দেশে নাকি আইন করা হছে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। তাহলে কিভাবে হাজার হাজার মেয়ের এরকম বাল্য বিবাহ হচ্ছে?এরকম ১৪-১৫ বছর বয়সী মেয়েরা মা হতে গিয়ে জীবন সংকটে পড়ছে আর দেশের মাতৃমৃত্যুর হার বাড়ছে।
তাকে সামান্য প্রাইমারী ট্রিটমেন্ট দিতে গিয়েও যখন দেখলাম তার হাজবেন্ড এর কাছ থেকে ৫০ টাকা নিতে পারছিল না, তখন তো আর বুঝতে বাকী রইল না যে নিশ্চিত করেই তার বাচ্চা ডেলিভারি হওয়ার সময়ও কোন রকম আর্থিক সাপোর্ট দেয়া তার পক্ষে সম্ভব হবে না। যার ফলস্বরুপ কোন এক খবরের কাগজে আরেকটি শিরোনাম হবে "সন্তান জন্ম দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু"
সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এই মিলুর ছোট বোনেরও নাকি এঙ্গেজমেন্ট হয়ে আছে এ মাসের শেষের দিকে বিয়ে।
আইনের যদি প্রয়োগই না থাকে, কি লাভ সেই আইন করে?? কোন একজন বলেছিল যে, নতুন নতুন আইন বের হয় কেবল প্রশাসনের লোকজন এর পকেট ভারী করার জন্যই।
বাংলাদেশে ক'টা শারমিন আছে যারা কিনা তাদের বাবা মায়ের মতের বিরুদ্ধে আওয়াজ তুলে তাদের বাল্য বিবাহ ঠেকাতে পারে??
ক'টা শারমিন আছে, যার কিনা নিজেদের পরিবারের কাছে তাদের মনের কথা গুলো খুলে বলতে পারে??
প্রসাশন, আইন, পত্র পত্রিকা এ গুলো কি শুধু ঘটনা ঘটার পরে তার ফলাফল সবাইকে জানানোর জন্যই, নাকি ঘটনা সমূহ ঘটার পূর্বেও তাদের কোন দায়িত্ববোধ আছে প্রশ্ন রইল আপনাদের কাছেই!!


সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


