তোমার ই-মেইল পেলাম । তুমি ভুলপ্রীতি ও বন্ধুজন বিষয়ে আমার মতামত জানতে চেয়েছো ।
তোমার গদ্যে, আমার মতটুকু কাজে লাগবে কি না জানি না।
বলে নেয়া ভালো, আমি বেড়ে উঠেছি অসীম সম্প্রীতিপুর্ণ একটি
গ্রামীন এলাকায়। উদার খেলার মাঠ আমাকে টানতো না কখনও ই । টানতো নদীর জল, দুপুরের মিত্রতা আর পড়ার এক অনাবিল নেশা।
বেদুঈন সামাদ, আকবর হোসেন আর রোমেনা আফাজ দিয়ে শুরু। তারপর ছোটদের রাজনীতি , ছোটদের অর্থনীতি।
মার্কস কিংবা লেনিন কে স্পর্শ করেছি আরেকটু পরে।
একটা পারস্পরিক সম্মানবোধ ছিল আমাদের প্রতিবেশী । যখন আড্ডা
দিতাম তখন শোনবার চেষ্টা করতাম।
মিলিয়ে নেবার একটা টান লক্ষ্য করতাম মনে।
এই যে টান , তা ছিল মানুষের প্রতি মানুষের। মাটির প্রতি মমতার।
মাটির কাছে যেতে যেতেই শিখেছি কিভাবে নত হতে হয় , সত্যের কাছে।
সে সময়ও আমার বেশ কিছু বন্ধু ছিল , যারা তর্ক করতো অনেকটা না বুঝেই। আবার যখন বুঝতো , তখন বলতো - আসলেই তো ভুল করছি !
এই যে ভুলের শরীর স্পর্শ করে নিজের আত্মশুদ্ধি , তা ক'জন পারে ?
কেউ কেউ পারে , সবাই পারেনা। আর যারা পারে না তারা থেকে যায়
চরম মূর্খ।
মূর্খদের আরেকটা পরিচয় আছে। তারা সূর্যকে অস্বীকার করে দিনের
বেলায় ও অন্ধত্বের ভান করে ।
যা বাস্তবতা , যা চলমান - সেটাকেও অস্বীকার করতে চায়।
একটা সত্য আমরা সবাই জানি। লোহা জলে পড়লেই ডুবে যায়।
আবার সেই লোহাই যখন কাঠের শরীরে ঢুকে পড়ে , তখন তা ভেসে
চলে উত্তাল নদীতেও ।
লোহা ওজনদার।
চেরাই কাঠের সংগ পেয়ে তাও ভাসে , ভেসে যায় জলে।
আমার বেশ কিছু বন্ধু আছেন যারা সেভাবেই ভাসছেন গড্ডালিকা
প্রবাহে। তাদের মুখ্য উদ্দেশ্য নিজেকে জাহির করা ।
প্রকাশিত হওয়া ।
কথা হচ্ছে , এভাবে কি প্রকাশিত হওয়া যায় ? এভাবে ভুলপ্রীতি কি
দেয় জীবনের পথদিশা ?
প্রিয় সুদীপ্ত ,
ভুল করা আর ভুলে ডুবে থাকা এক নয়।
আবারও বলি , ভুলপ্রীতি বিষয়ে তোমার অন্বেষা , মানুষের কল্যাণে আসুক ।
ছবি- আইরিশ হাওয়ার্ড
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



