তাহলে কী হচ্ছে!
ফকির ইলিয়াস
=======================================
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। আর তা বাড়িয়ে দিচ্ছেন ক্ষমতাসীন দলের রাজনীতিকরা। সম্প্রতি আওয়ামী লীগ নেতা, সাবেক আমলা ড. মহীউদ্দীন খান আলমগীর অস্ট্রেলিয়ার সিডনিতে এক মতবিনিময় সভায় বলেছেন, বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশে একাত্তরের ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার করা সহজ কাজ নয়। তিনি বলেছেন, দেশের মাত্র ৩৫ শতাংশ মানুষ রাজনীতিকদের বিশ্বাস করে। রাজনীতিকদের অনুসরণ করে। বাকি ৬৫ শতাংশ মানুষ মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এবং সমাজের অন্য ধর্মীয় নেতাদের অনুসরণ করে চলে। তিনি আরও বলেছেন, এমন একটি দেশে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের ব্যানারে অবস্থান করে যারা একাত্তরে মানবতাবিরোধী কাজ করেছে তাদের বিচার করা খুব দুরূহ কাজ। এছাড়াও সবার বিচার একসঙ্গে করা যাবে না। আমরা যতই বলি, বিচার দ্রুত সম্পন্ন করতে হবে, বাস্তবতা তার উল্টো। প্রক্রিয়াগত কারণে এর বিচার বিলম্বিত হবে। তিনি বলেছেন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ভ্রমণ করে আমার অভিজ্ঞতা হয়েছে। প্রবাসেও বেশিরভাগ বাঙালি বিএনপি-জামায়াতের সমর্থক। আমাদের সমর্থক যারা আছেন তারা ৫-৭ ভাগে বিভক্ত।
আওয়ামী লীগের এ নেতা সিডনিতে যে বক্তব্য দিয়েছেন তা ঢাকার জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। এবং তার এ বক্তব্যটি আলোড়ন তুলেছে দেশে-বিদেশে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি বর্তমান সরকার মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার থেকে ক্রমে সরে যাওয়ার পথ খুঁজছে? তারা কৌশলে গুরুত্বহীন করে দিতে চাইছে তাদের নির্বাচনী অঙ্গীকার?
ড. মহীউদ্দীন খান আলমগীর দাপটশালী আমলা ছিলেন। স্বৈরশাসক জিয়াউর রহমানের 'খালকাটা প্রকল্প' নিয়ে একটি বইও লিখেছিলেন। তার সে বইটি 'নন্দিত' এবং 'নিন্দিত' দুটোই হয়েছিল। সেই মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বেই 'জনতার মঞ্চ' হয়েছিল বাংলাদেশে। সরকারি আমলাদের সরাসরি রাষ্ট্রপক্ষের বিরুদ্ধাচারণ করার বিধিনিষেধ থাকলেও সে কাজটি সে সময় হয়েছিল। তারা খালেদা জিয়ার নির্বাচিত সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতে ক্ষমতায় আসার পর ড. মহীউদ্দীন খান আলমগীরকে প্রতিমন্ত্রীর পদ দিয়েছিলেন শেখ হাসিনা। এটা ছিল তার প্রাপ্য পুরস্কার।
একজন মন্ত্রী হিসেবে তিনি কতটা সার্থক ছিলেন, তাও ছিল জনগণের জানা। ওয়ান-ইলেভেনের পর যে ক'জন রাজনীতিক কারারুদ্ধ হন, তিনি ছিলেন তাদের অন্যতম। ড. আলমগীরের বিচারও অনুষ্ঠিত হয়। তার সাজাও হয়।
২০০৯-এর নির্বাচনে এমপি নির্বাচিত হন তিনি। তারপর ক্রমেই তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো খারিজ হতে থাকে। লাঘব হয়ে যায় তার দন্ডও। এখন বলা হয়ে থাকে, তিনি আওয়ামী লীগের অন্যতম নীতি-নির্ধারক। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাও হতে পারেন যে কোন সময়। তেমন একটি গুঞ্জনও রাজনৈতিক অঙ্গনে রয়েছে। সবদিক বিবেচনায় তিনি রাষ্ট্রের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তা বলা যায় নিঃসন্দেহে।
কিন্তু কথা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ নেতা কি সব বলছেন? তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ কি তবে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকদের অনুসরণ করে? যদি তাই করে থাকে তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা মহাজোট পেল কিভাবে?
আমি খুব স্পষ্ট বলে দিতে পারি, '৫২-এর ভাষা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন, '৭১-এর মহান মুক্তিযুদ্ধ, '৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন কোনটাতেই কোন মৌলবাদী শক্তির নেতৃত্ব ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর বঙ্গবন্ধু ছিলেন বাংলার আপামর মানুষের সৌহার্দ্য, অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক।
ড. মহীউদ্দীন খান আলমগীরের কথার জবাব আরও দেয়া যায়। তিনি বলেছেন, বিদেশের অভিবাসী বাঙালিদের সিংহভাগ নাকি বিএনপি-জামায়াতের আদর্শে বিশ্বাস করেন। কথাটা সঠিক নয়। বর্ষীয়ান এ রাজনীতিকের জানা উচিত, মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি যখন স্বৈরাচারী জিয়া-এরশাদের রাষ্ট্রশাসনে আমলা ছিলেন তখন এ প্রবাসী বাঙালিরা ইউরোপ-আমেরিকা-কানাডার রাজপথে, জাতিসংঘ চত্বরে মিছিল-মিটিং করেছেন দেশে গণতন্ত্র কায়েমের লক্ষ্যে। এই সেই প্রবাসীরা যারা শহীদ জননী জাহানারা ইমামের আহ্বানে সাড়া দিয়ে ঐতিহাসিক গণআদালত পরিলক্ষণ, পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র থেকে খ্যাতনামা আইনজীবী মি. মাইকেল কিটিংসকে ঢাকায় পাঠিয়েছিলেন।
প্রবাসী বাঙালির এমন শত শত গৌরবোজ্জ্বল অধ্যায়ের লিখিত ঘটনাবলি বিশ্ব বাঙালির অজানা নয়। তারপরও ড. মহীউদ্দীন খান আলমগীর তা না জানার ভান করছেন কেন? নাকি তিনি সরকারের পক্ষ থেকে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন?
সিডনির সে সমাবেশে ড. আলমগীর আরও বলেছেন, বাংলাদেশের সরকারকে নাকি তাদের 'বাইরের প্রভু'দের কথা মেনে চলতে হয়। তিনি বলেছেন, জার্মানি নাকি যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে। অথচ আমরা জানি, জার্মানিতে নাৎসিদের বিচার হচ্ছে এখনও। বিশ্বজুড়ে খোঁজা হচ্ছে নাৎসিদের।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের সর্বশেষ অবস্থা কি হবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে মুখোশধারীদের সংখ্যা বাড়ছে। কথায় এবং কাজের অমিল বাড়ছে দিন দিন। আর তারা বেশি ব্যস্ত তাদের প্রভুদের মন রক্ষা করতে। ঘটনা যদি সেটাই হয় তবে বোঝা যাচ্ছে, ২০১০ সালের আধুনিক দিনবদলের সেস্নাগানের কালেও বাংলাদেশের মানুষ এখনও পরাধীন। একটি স্বাধীন দেশের মানুষ এভাবে পরাশক্তির কাছে নতজানু থাকবে কেন।
আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি, বর্তমান মহাজোট সরকারের মন্ত্রী এবং উপদেষ্টাদের মাঝে একটি স্নায়ুযুদ্ধ লেগেই আছে। বর্তমান শিক্ষামন্ত্রী এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টার মাঝে মতপার্থক্যের দ্বন্দ্ব এর সর্বশেষ উদাহরণ। এমন অসঙ্গতি সরকারের ভেতরে চলতে পারে না। বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, যেসব মন্ত্রী পূর্ণ পারফরমেন্স দেখাতে পারবেন না, তাদের সরে যেতে হবে। নতুন মুখ দেখা যাবে মন্ত্রিপরিষদে। না, এর বাস্তবতা আমরা দেখছি না। সব মন্ত্রী নিজ নিজ দফতরে কৃতিত্ব তো দূরের কথা, ঠিকমতো চালাতেও পারছেন না। তাদের অব্যাহতি দিতে সরকারের হাত কাঁপছে কেন? যারা রাষ্ট্রশক্তির পরিচালক তাদের কথাবার্তায় পরিপক্বতা না থাকলে প্রজন্ম বিভ্রান্ত হয়। আর বিরোধীরা মাঠে নামে সেটাকে পুঁজি করে।
নিউইয়র্ক, ২৫ মে ২০১০
----------------------------------------------------------------------
দৈনিক সংবাদ । ঢাকা । ২৮ মে ২০১০ শুক্রবার প্রকাশিত
ছবি- জেন ওডেন
আলোচিত ব্লগ
যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।
তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন
অনুতাপ (ছোট গল্প)
একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ আমাদের খারাপ দিনের পর

করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন
ডোগান- এক রহস্যময় জাতি

আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন
আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।