খোয়াই
পশ্চিমের বাগান বন চষা-ক্ষেত
মিলে গেছে দুর বনান্তে বেগনি বাষ্পরেখায়;
মাঝে আম জাম তাল তেঁতুলে ঢাকা সাঁওতাল-পাড়া;
পাশ দিয়ে ছায়াহীন দীর্ঘ পথ গেছে বেঁকে,
রাঙা পাড় যেন সবুজ শাড়ির প্রান্তে কুটিল রেখায়।
হঠাৎ উঠেছে এক-একটা যূথভ্রষ্ট তালগাছ-
দিশেহারা অনির্দিষ্টকে যেন দিক দেখাবার ব্যাকুলতা।
পৃথিবীর একটানা সবুজ উত্তরীয়-
তারই এক ধারে ছেদ পড়েছে উত্তর দিকে,
মাটি গেছে ক্ষয়ে,
দেখা দিয়েছে
উর্মিল লাল কাঁকরের নিস্তব্ধ তোলপাড়;
মাঝে মাঝে মর্চে-ধরা কালো মাটি
মহিষাসুরের মুন্ডের মতো।
পৃথিবী আপনার একটি কোণের প্রঙ্গণে
বর্ষাধারার আঘাতে রচনা করেছে
ছোট ছোট অখ্যাত খেলার পাহাড়;
বয়ে চলেছে তার তলায় তলায় নামহীন খেলার নদী।।
শরৎকালের পশ্চিম আকাশ
সুর্যাস্তের ক্ষণিক সমারোহে
রঙের সঙ্গে রঙের ঠেলাঠেলি-
তখন পৃথিবীর এই ধুসর ছেলেমানুষির উপরে
দেখেছি সেই মহিমা
যা একদিন পড়েছে আমার চোখে
দুর্লভ দিনাবসানে
রোহিতসমুদ্রের তীরে তীরে
জনশূন্য তরুহীন পর্বতের রক্তবর্ণ শিখরশ্রেণীতে
রুষ্ট রুদ্রের প্রলয় ভ্র'কুঞ্চনের মতো।।
এই পথে ধেয়ে এসেছে কালবৈশীর ঝড়
গেরুয়া পতাকা উড়িয়ে
ঘোড়সওয়ার বর্গি সৈন্যের মতো-
কাঁপিয়ে দিয়েছে শাল-সেগুনকে,
নুইয়ে দিয়েছে ঝাউয়ের মাথা,
'হায় হায়' রব তুলেছে বাঁশের বনে,
কলাবাগানে করেছে দু:শাসনের দৌরাত্ম।
ক্রন্দিত আকাশের নীচে ওই ধুসর বন্ধুর
কাঁকরের স্তুপগুলো দেখে মনে হয়েছে
লাল সমুদ্রে তুফান উঠল,
ছিটকে পড়ছে তার শীকরবিন্দু।।
এসেছিনু বালককালে।
ওখানে গুহাগহ্বরে
র্ঝির্ঝি ঝর্নার ধারায়
রচনা করেছি মনগড়া রহস্যকথা,
খেলেছি নুড়ি সাজিয়ে
নির্জন দুপুরবেলায় আপন-মনে একলা।
তারপর অনেক দিন হল,
পাথরের উপর নির্ঝরের মতো
আমার উপর দিয়ে
বয়ে গেল অনেক বৎসর।
রচনা করতে বসেছি একটা কাজের রূপ
ওই আকাশের তলায়, ভাঙা মাটির ধারে,
ছেলেবেলায় যেমন রচনা করেছি
নুড়ির দুর্গ।
এই শালবন, এই একলা স্বভাবের তালগাছ
ওই সবুজ মাঠের সঙ্গে রাঙা মাটির মিতালি-
এর পানে অনেক দিন যাদের সঙ্গে দৃষ্টি মিলিয়েছি,
যারা মন মিলিয়েছিল
এখানকার বাদল-দিনে আর আমার বাদল-গানে,
তারা কেউ আছে কেউ গেল চলে।
আমারও যখন শেষ হবে দিনের কাজ,
নিশীথরাত্রের তারা ডাক দেবে
আকাশের ও পার থেকে-
তার পরে?
তার পরে রইবে উত্তর দিকে
ওই বুক-ফাটা ধরণীর রক্তিমা,
দক্ষিণ দিকে চাষের ক্ষেত,
পুব দিকের মাঠে চড়বে গোরু।
রাঙা মাটির রাস্তা বেয়ে,
গ্রামের লোক যাবে হাট করতে।
পশ্চিমের আকাশপ্রান্তে
আঁকা থাকবে এইটি নীলাঞ্জনরেখা।।
ছুটির আয়োজনে
কাছে এলো পূজার ছুটি।
রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রঙ।
হাওয়া উঠেছে শিশিরে শিরশিরিয়ে,
শিউলির গন্ধ এসে লাগে
যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা।
আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য-
দেখে, মন লাগে না কাজে।।
মাষ্টারমশায় পড়িয়ে চলেন
পাথুরে কয়লার আদিম কথা।
ছেলেটা বেঞ্চিতে পা দোলায়,
ছবি দেখে আপন মনে-
কামলদিঘির ফাটল-ধরা ঘাট,
আর ভঞ্জদের পাঁচিল-ঘেঁষা
আতাগাছের ফলে-ভরা ডাল।
আর দেখে সে মনে-মনে, তিসির েেত
গোয়ালপাড়ার ভিতর দিয়ে
রাস্তা গেছে এঁকেবেঁকে হাটের পাশে
নদীর ধারে।।
কলেজের ইকনমিক্স্-ক্লাসে
খাতায় ফর্দ নিচ্ছে টুকে
চশমা-চোখে মেডেল-পাওয়া ছাত্র
হালের লেখা কোন্ উপন্যাস কিনতে হবে,
ধারে মিলবে কোন দোকানে-
'মনে রেখো' পাড়ের শাড়ি,
সোনায় জড়ানো শাঁখা,
দিল্লির কাজ-করা লাল মখমলের চটি।
আর চাই রেশমে-বাঁধাই-করা
অ্যান্টিক-কাগজে-ছাপা কবিতার বই-
এখনো তার নাম মনে পড়ছে না।।
ভবানীপুরের তেতলা বাড়িতে
আলাপ চলছে সরু মোটা গলায়-
এবার আবু পাহাড় না মাদুরা,
না ডালহৌসি, কিম্বা পুরী,
না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিঙ?।
আর দেখছি, সামনে দিয়ে ষ্টেশনে যাবার রাঙা রাস্তায়
শহরের-দাদন-দেওয়া দড়ি-বাঁধা ছাগল-ছানা পাঁচটা-ছয়টা করে;
তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে
কাশের-ঝালর-দোলা শরতের শান্ত আকাশে।
কেমন করে বুঝেছে তারা
এল তাদের পূজার ছুটির দিন।।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



