হঠাৎ দেখা
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সম্ভব হবে কোনদিন।।
আগে ওকে বারবার দেখেছি
লাল রঙের শাড়িতে-
দালিম-ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকন-গৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দুরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দুরত্ব সর্ষেক্ষেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা;
চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে।।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার ।
সমাজবিধির পথ গেল খুলে;
আলাপ করলেম শুরু-
'কেমন আছ', 'কেমন চলছে সংসার'
ইত্যাদি।
সে রইল জানালার বাইরের দিকে চেয়ে
যেন কাছের-দিনের-ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোট দুটো-একটা জবাব,
কোনটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়-
কেন এ-সব কথা,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।।
আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথিদের সঙ্গে।
এক সময় অঙুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়-
বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে,
'কিছু মনে কোরো না,
সময় কোথায় সময় নষ্ট করবার!
আমাকে নামতে হবে পরের ষ্টেষনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনদিনই।
তাই, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?'
আমি বললাম,'বলব'।
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
'আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে-
কিছুই কি নেই বাকি?'
একটুকু রইলেম চুপ করে;
তার পর বললেম,
'রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।'
খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম নাকি।
ও বললে , 'থাক, এখন যাও ও দিকে।'
সবাই নেমে গেল পরের ষ্টেশনে।
আমি চললেম একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



