দীঘল শীতল রাতের শেষ প্রহরে যখন আমি মাউসের বুতাম চাপি, মজিল্লার ক্যানভাসে চিত্রিত হয় কত নানান উপাখ্যান; আমি শুধু কীবোর্ডে ধ্বনি তুলি আর ওরা পর্দার ওপাশে; আমরা কেউ কাউকে ছুঁতে পারি না। আচ্ছা, তুই কি বলতে পারিস্, মনিটরের কাঁচের ওপাশে থাকা যন্ত্রাংশ কিংবা হৃদয়াংশগুলোর দূরত্ব কত? আমি হিসেব মেলাতে খেই খুঁজে পাই না; "এলসিডি" কত পাতল, অথচ হাজার হাজারের ব্যবধান এটুকুতেই; ঠিক যেন আমাদের অন্তরের ব্যবধান। তুই নিশ্চয়ই আমার লেখাটুকু ছুঁয়ে দেখেছিস; স্পর্শ পেয়েছিস আমার, হই না কেন লক্ষ্য যোজন এপারে। আহাঃ তুই কি বুঝিস্না যে আমিও চাই তোকে ছুঁতে; যেমন করে ছুঁয়ে আছে দুধসাদা কাপড়ের টুকরো বুকের পশমী যমীন। মন আমার উদ্ভ্রান্ত আজ সোবহে সাদিকের কোন এক প্রিয় বিদায়ী কান্নার বিষাদী সুরে। বল্ না, তুই কি টের পেয়েছিস্ তা?
বিগত চিঠিতে বলতে চেয়েছিলাম 'মনে মনে বিনা তারের আলাপন' নিয়ে; চকিত দৃষ্টি কেড়ে নিল কথা। মন্দ কি, বেশ কিছু দিন বেশ তো দিলাম নামিয়ে হৃদয়স্পন্দনে অনাকাংখিত নীরবতা। বড্ড খেয়ালী এক রাস্তার পাশে অফিস কক্ষ; যান্ত্রিক শব্দগুলো সব ষড়যন্ত্র করে জাগিয়ে দেয় নিরব করা ঘুম পাড়ানো আমার মনকে। প্রথম প্রাথমিকের কাগুজে ফুলগুলোকে ভাবনায় আনতে পারিনা একদম, বৃষ্টির গড়া উঠোন সাগরে কখনোই পারি না এ মন সিন্দাবাদের কাগুজে-জাহাজ ভাসাতে, পারি কি অষ্টম-নবমের দুয়ারের পাশে বুনা সূর্যমুখীকে দেখতে বলো? সূর্য তো এতদিনে মধ্যগগণ ছুঁই ছুঁই করছে; হায়, কি সম্ভাবনাময় পথচলা, বেঁচে থাকা, উদাসী হাওয়ায় মনের কথাগুলো ছড়িয়ে দেয়া আমাদের। বলতে পারিস্, ওকে, তোকে অথবা তাকে যদি আমি এখন সর্বশক্তি দিয়ে ভাবি; সেও আমায় ভাববে এখন, আমার বিনা তারের ঠুক ঠুক অথবা ধক্ ধক্ কিংবা হৃদয়স্পন্দন কি সে টের পাবে? তুই পাস? তিনি পাবেন? কিংবা তোমরা?
কাল গুনি হাতের চার চারটি কর-এ কর-এ, কখনোই তো বিশ-এর অধিক গুনতে পারি না; লোকে বলে দেড় খানা ইট দিয়ে না কি ইমারত রচিত হয় না, আমি কি তবে ফুরিয়ে গিয়ে তা প্রমাণ করবো অথবা আমাকেই হতে হবে ইতিহাস? কি আশ্চর্য ঘড়ি ঝুলে আছে হাতের কব্জায়, বন্ধ হলে অথবা করলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন, জগতে অচল, অ-মূল্য, নিংড়ানো আবর্জনা; চলতে হলে জগতের নিয়মেই ফিরে আসতে হবে। তাই কি পেয়েছি অনিয়ম-ঊশৃংখল পুষে, হৃদয়-মস্তিষ্ক-দেহের খড়কুটো সব খাওয়ালাম; এক পেয়ালা দুধ দিলে না কখনো, দিলে না একটি বাছুর। জঙ ধরা অধাতুকে তাই অকেজো থেকে কেজোর দলে আসতে হলে কামারের ঘরে জ্বলেপুড়ে অবশেষে ফিরে আসতেই হয় ধাতবের মূলত্বে; জগতের প্রচলনে। প্রচলিত মনকে এখনো বুঝাই, ওরা কেউ হীনকে নিয়ে ভাবে না; হেন অকারণ কেনই বা করিস্ আত্মবিলীন? সে বলে, এই তো বেঁচে থাকার অবলম্বন- "ওরাও আমায় মনে করে, আমারে মনে পড়ে"; এ নির্যাস এখন প্রতিটি জীবিত দিনের প্রদীপে কেরোসিন।
তোকেও বলবো না- "মনে রাখিস্"; বলবো- ভাল থাকিস্।
তোরই-
"ফএমু"
২২.০১.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!427228 যেখানে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


