রহস্যের গুহায় ডুবি
শাফিক আফতাব...............
আমি রহস্যের গুহার ভেতর ক্রমাগত লুকোতে থাকি __
পুলকের পিচ্ছিল পথ বেয়ে চলে যাই এক আনন্দলোকে,
সেইখানে আবার গান গায় অজস্র হাওয়ার পাখি __
সুরায় সুধায় আর মদির মাতালতায় নুয়ে যাই লতাশাখে।
হাওয়ার ঘ্রাণে বাড়ে পুলকের বৃক্ষ, বক্ষ তার অনুভূতিপ্রবণ
ক্রমেই নিমিষেই সে ঘুরে আসে পৃথিবীর তাবৎ পর্বতমালা __
সমুদ্রের অতলে জালের গভীর থেকে নিয়ে আসে শিল্পেরকলা,
তারই স্পর্শে নিমিষেই তারায় ভরে যায় অঘ্রাণের নরমগগন।
এক অদৃশ্য বাজিকরের হস্তস্পর্শে খুলে যায় পরিহিত বস্ত্রবসন__
এক নিপুণ শিল্পীর পটে আঁকা ভাস্কর্য দৃষ্টিগ্রাহ্য হতেই পুড়ে যাই ;
সাত সমুদ্র আর তেরনদী পেরিয়ে আমি যেন উধাও কোথাও ধাই
আমাদের ঠোটেঁ স্বর্গলোকের থেকে ক্রমশ জমা হতে থাকে লবন।
তুমি এলে__অামি অন্তর্গত সুন্দরের গুহায় ডুবি ধরতে রঙিন মাছ __
তুমি এলে বড় ঘ্রাণময় হয়ে ওঠে, বাতাস, গাছ, মেঘে ঢাকা অাকাশ।
১৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

