তোমার খুব কাছেই ছিলাম ; বুঝতে পারোনি ; এই আমি
ঘাসফুলের মতোন তোমার কাছে কত সুলভ ছিলাম ; বুঝতে পারোনি
কত আকুতি করেছিলাম শিশির সকালগুলো ভরিয়ে রাখো স্পর্শের গন্ধে,
তুমি শোনোনি ; আজ ফিরে এসে ; আসন্ন ধূপছায়া সন্ধ্যার
আরতি নিয়ে অপেক্ষা করছো।...
বেলা বেড়ে গেছে ; দুপুরের ঝাঁঝলাগা রোদের ভীড়ে জীবনের ব্যস্ততা
জীবনযাপণের কোলাহল, ইমারতের ভিত, পুঁজিবাদ, মুনাফা ; দলিল
অনধিকারে প্রবেশের দায়, খাজনা আদায়, করফাঁকি : এসবে ভীড়ে তুমি
খুঁজে মরো শিশিরমাখা ঘাসের আলতো ঘ্রাণ..
কাছেই তো ছিলাম, কত কাছে ছিলাম : বর্ষার নদীর মতোন কত সহজ
আর স্বতঃস্ফূর্ত ছিলো জলের বিস্তার __ইচ্ছে হলে কত অনায়াসে তুমি
গঙ্গারতীর ভেবে সবটুকু অনুভব দিয়ে স্বর্গ রচনা করতে পারতে
অথচ বুঝতে পারোনি ...
শেষ বসন্তের মৃদমন্দ বাতাসে তুমি চাও শিশিরের সুগন্ধি অনুভব...
১৩.০৩.২০১৫
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




