মা আমি যুদ্ধে যাব, স্বাধীনতার ডাক এসেছে
অস্ত্রহাতে প্রতিরোধে, দেশের মাটি আগলে রাখব
হায়েনাদের ছোবল হতে।
মা আমি যুদ্ধে যাব
বুকের রক্ত ঢেলে দেব
একটি পতাকার জন্য, স্বাধীন পতাকা।
আমার অনাগত সন্তান বড় হবে মা
মুক্ত দেশে, মুক্তবেশে, খোলা হাওয়ায়।
পরাধীন দেশে জন্ম আমার, গ্লানি আর বঞ্চনায়
পরাণ আমার যায় যে ফেঁসে।
চারদিক শকুনিরা ওৎ পেতেছে। বাবার লাশ নিয়ে
নেকড়েরা করে কাড়াকাড়ি।
মা আমি যুদ্ধে যাব
মুক্ত হবে এই দেশ,
আমার সন্তান যদি জানতে চায়, বাবাকে কেন দেখিনা ?
মিথ্যে বলনা ? বল ! আমি যুদ্ধে গেছি।
দেশের জন্য যুদ্ধ।
মুক্তির নেশায় ঘুম নেই চোখে,
কি করে থাকি মা অবহেলায় বসে?
বন্ধুরা সব যুদ্ধে গেছে, অস্ত্রহাতে
বুকে মাইন পেতে করে অ্যাম্বোশ, শত্রুসেনার ট্যাংকের সামনে।
ভয় নেই মা, আমি যদি বেঁচে নাও থাকি,
আমার স্বপ্নের কথাগুলো বলে দিও,
অনাগত সন্তানের কাছে।
আমার সন্তান যেন বড় হয়ে ঊঠে
নির্ভীক সেনানী, অকুতোভয়ে।
মা আমি যুদ্ধে যাব,
রক্তের অক্ষরে লেখা হবে আমার নাম
শহীদের নাম ফলকে। মুক্তির দলিলে।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


