ছোট ছেলে ভয় পায় তেলাপোকা, আর
টিকটিকি দেখে নাকি হাসি পায় তার !
বড় ছেলে ভয় পায় ডেঙ্গুর মশা
মশাদের সাথে যার রোজ ওঠাবসা।
গিন্নির সব ভয় বুয়াদের নিয়ে
এই বুঝি চলে গেলো কাজ ফাঁকি দিয়ে !
গিন্নির আরো ভয় ছেলেদের পড়া
সবদিকে চোখ রাখে, পাহারায় কড়া !
বাকী থাকে এ অধম কিসে পায় ভয় ?
তালিকায় আছে ভয়, আর মহাভয়।
পরিবার নিয়ে ভয়, ভয় সব কাজে
ভয়ের সানাই খালি বুকজুড়ে বাজে।
বস নিয়ে ভয় আছে, চাঁদাবাজ আছে
যেতে ভয় সরকারী অফিসের কাছে !
অসুখ বিসুখ নিয়ে আছে কতো ভয়
রাস্তায় নেমে দেখি ভয় কারে কয় ?
যানজট, জলজট, দুর্ঘটনায়
চলাচল থেমে যায় প্রতি পায় পায়
ভূত নিয়ে অদ্ভুত ভয় পাই মনে
ঘুম থেকে শুরু ভয় থাকে জাগরণে
এইসব শুধু ভয়, আছে মহাভয়
তার নাম বলতেও পেয়ে যাই ভয়
সকল ভয়ের রাজা, ভয় মহারাজ !
'বাজার' তাহার নাম জেনে যান আজ !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



