আমার ভাবনায় আমি - ৩
আমি বিশ্বাস করি, আমি যা পাইনি- তা আমার জন্য নয়। যা কিছু আমার- তা অন্য কারো নয়। যা সবার- তার বন্টন সুনিশ্চিত হোক, সুষম হোক এটাই কাম্য। অনিশ্চিত প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে লাভ কি? যা কখনই পাবার নয় তা নিয়ে ভেবে মনকে সংকুচিত করা নেহায়েত বোকামি। সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না। আমাকেও দেননি। একটা মানুষ সব কিছু পেতে পারে না, ধারণ করবার মতো ক্ষমতাও হয়তো অনেকের থাকে না।
সৃষ্টিকর্তার কাছে আমার নিবেদন,
"হে প্রভু, এমন কিছু পাবার ইচ্ছা মনে জাগিও না যা কখনই পাবার নয়; এমন কিছু পাওয়া স্বপ্ন দেখিওনা যাতে মন উতলা হয়, পেতে লোভ জাগে; এমন কিছু দিওনা যাতে মনে অহংকার জন্মায়, অকারণে ঔদ্ধত্য প্রকাশ পায়; এমন কিছু করতে দিওনা যাতে বিবেক বিসর্জন দিতে হয়, মানবিকতা জলাঞ্জলী দিতে হয়, অতঃপর মনে ঘৃণা জন্মায়। এমন কিছুর প্রতি দুর্বল করোনা যা অন্যের জন্য নির্ধারিত"।
"হে প্রভু, এমন সব কিছু আমার দৃষ্টির আড়ালে রেখে দাও। আমার মন থেকে সব অন্ধকার দুর করে দাও। পৃথিবীর সকল মানুষকে তুমি শারিরিক, মানসিক কিংবা বুদ্ধি প্রতিবন্ধী নয়, চিরতরে পাপ প্রতিবন্ধী করে দাও; লোভ-লালসা প্রতিবন্ধী করে দাও; হিংসা ও বিদ্বেষ প্রতিবন্ধী করে দাও; অন্যায়-অত্যাচার প্রতিবন্ধী করে দাও; যুদ্ধ-বিদ্রোহ প্রতিবন্ধী করে দা"।
"হে প্রভু, তোমার পূজো যদি করতেই হয় তবে যোগ্য পূজারী করে দাও। ডালা ভরে বিশুদ্ধ ফুল দাও, মুখে শুদ্ধভাবে উচ্চারিত মন্ত্র দাও, যোগ্যতর পূজারী হিসেবে বেদিতে বসার মতো পবিত্র আসন দাও। তোমাকে ভালভাবে দেখার মতো দিব্যদৃষ্টি দাও। আর যদি তোমার আশীর্বাদ পেয়েই যাই তবে দেখবে তোমার জন্য কোন অর্ঘ্য সাজাতেই কালবিলম্ব হবে না। শুধু জানিয়ে দাও এই পৃথিবীর অনেককিছুই আমার জন্যে সৃষ্টি। এতে আমার পূর্ণ অধিকার আছে। আমি যেন এসব থেকে বঞ্চিত না হই"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

