আমার ভাবনায় আমি - ৫
আমি কোন চিত্রকর নই-
তাই তোমার ছবি আমি আঁকতে পারিনা।
আমি কোন পুরোহিত নই-
তাই তোমার প্রতিমা আমি গড়তে পারি না।
আমি কোন জাতিস্মর নই-
তাই পূনর্জন্ম নিয়ে তোমার কাছে ফিরে আসবো সেই সম্ভাবনাও নেই। আমি মানুষ-
স্রষ্টার অনুপম সৃষ্টির বিচারে এক ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী মাত্র। পাপ-পূণ্যে মেশানো এক অতি সাধারণ মানুষ।
আমি জানি তোমার মেধা ও মননের কাছে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই। তোমার মানবিক ও সৃজনশীল গুনাবলীর কাছে নতজানু হয়ে সৃষ্টিকর্তার কাছে বিনীত চিত্তে এটুকুই প্রার্থনা করতে পারি, "হে প্রভূ, তোমার অপূর্ব ও মোহনীয় সৃষ্টির সান্নিধ্যে যে ঐশ্বরিক ছোঁয়া আমি পেয়েছি-সেই বারতা ও মুগ্ধতা প্রকাশ করার মত শাশ্বত বাণী আমার কন্ঠে দাও। আমি যেন আমৃত্যু তোমার প্রশংসা করে যেতে পারি। আমার যেন কখনও মনে না হয়, আমি কি পাইনি- বা তুমি কি দাওনি। আমার অনুভবে তোমার নিরন্তর উপস্থিতি আমি যেন সর্বক্ষণ টের পাই।"
জানিনা মহান সৃষ্টিকর্তা আমার কথা রাখবেন কিনা। তবে এটুকু জানি নিজের অন্তরে ও বিবেকে জাগ্রত সৃষ্টিকর্তার প্রতি অগাধ প্রেমের এই বোধটুকু তুলে ধরার পেছনে যে মানবী'র কাছে আমি চিরকৃতজ্ঞ- তিনি আমার মা। আর যে নারীর সান্নিধ্য, সহযোগিতা ও ভালবাসায় আমার সকল মানবিক চিন্তা ও চেতনা ডানা মেলতে শিখেছে, পূর্ণতা পেতে শিখেছে- সে শুধুই "তুমি"।
তুমি আমার আত্মীয় নও, অথচ আত্মার বিচারে তুমি আমার পরমাত্মীয়। তোমার সাথে আমার অদৃশ্য এক নিবিড় ও নিগূঢ় সম্পর্ক। এই সম্পর্কের কোন নাম নেই, নাম দেবার কোন প্রয়োজনও নেই। এক পূজারীর কাছে দেবীর অবস্থান, আকৃতি, রূপ ও বয়স কোনকিছুই বিচার্য্য নয়। বিবেচ্য বিষয় তাঁর প্রতি গভীর ভালবাসা, অপরিসীম মমত্ববোধ ও অগাধ ভক্তি। পার্থিব বিচারে তুমি আমার কাছের কেউ নও অথচ হৃদয়ের বিচারে তুমি আমার নিকটতম স্বজন। তোমার অবস্থান আমার অন্তর জুড়ে। তোমাকে দেখা যায়না, ছোঁয়া যায়না, কাছে পাওয়া যায়না- শুধু অনুভব করা যায়। তুমি কি সেটা টের পাও? তুমি কি আমার মনের সব কথা বুঝতে পারো ? না পারলেও ক্ষতি নেই। শুধু এটুকু জেনো- আমার মনে আজ যত ভালবাসা তার হাতে খড়ি তুমিই দিয়েছিলে।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



