কাজের দিন পেরোলেই ছুটি অনেকটা রাতের অবসর
যা কিছু বাকি দরকারি কাজ থাক যে যার দরকারে
আমি তো খরকাই পেরিয়ে হেঁটে যাই গামারিয়ায়
গামারিয়া পেরিয়ে সরাইকেল্লায়
তুমি কি দেখনি এই ভরা বর্ষাতেও ভরেনি খরকাইয়ের কোল
কলমীর এত বীজ ছড়িয়ে তুমিই বা পেয়েছ কত আঁটি কলমীর শাক
ভান করতে করতে বড় বেশি হয়ে যাচ্ছে ভান
বিট্টুখেলায় হারানো বল খোঁজার ছলে আমিও তো আছি সেই দলে
এই যে আমি সারাদিন কাজ নিয়ে আছি
দরকারি কাজ গোছাতে বসে আরও বেশি অগোছালো হয়ে যাচ্ছি আমি
তুমিও তো বোঝ এসব কাজের নেই কোনো নীট ফলাফল
বাণিজ্যের ছিটেফোঁটাও হলো না আর এ জীবনে টমেটোর চাষে
আসলে এ এক উত্তাল শূন্যতায় মোড়া অনেকটা রাতের অবসর
লড়াইয়ের কথা যারা বলেছিল তারাও তো আজ আছে কারও ক্ষেতে
আমি তবু খরকাই পেরিয়ে হাঁটি গামারিয়ায় সরাইকেল্লায়
সেভাবে আর হলো কই মুখ দেখা খরকাইয়ের জলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


