তারপর একদিন নদী উঠে গেল আকাশে
নদীর নাম গঙ্গা
আকাশগঙ্গাও বলে কেউ কেউ
এখন আকাশগঙ্গার দু’পারে নতুন জনবসতি
উর্বর মাঠে শান্ত সবুজায়ন
অরণ্যও এখন আর নেই পৃথিবীতে
আকাশগঙ্গার কাছ বরাবর আবার অরণ্য
কোনোদিন পৃথিবীতে
বন কেটে বসত ছিল
বসন্তের নামে ছিল সৌন্দর্যখেলা
দাঁড়িয়াবান্ধা খেলায় ছিল
বেঁধে রাখার খেলা
জোড়কলমে ছিল কত অতলের খোঁজ
এই আকাশবসতিতে নেই কোনো নিশিযাপন
নিয়নের আলোয় আহত হয় না কোনো মন
সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার নেই কোনো ভ্রমণসূচি
নেই কোনো দীর্ঘ পর্যটন
পৃথিবীর কথা মনে পড়ে
সুখের আকাশবসতি
শুধু শূন্যতার কথা বলে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


