১
এ পাড়ায় বড্ড সস্তায় বিকোয় চাঁদ- মুঠোবন্দি জোসনার জল অনায়াসেই পালিয়ে যায় আঙুলের ফাঁদ গলিয়ে। কুয়াশার ডানা নেই- তবু চাইছো উড়িয়ে দিতে হলদে হাওয়ায়? এখনো বলছো মুঠোভর্তি আকাশ তোমার! খুলে দ্যাখো ওখানে কোন নীল নেই- আকাশ এখানে পুড়ে হয়ে গ্যাছে ছাই। সময় ফেলে আসা দিনের ধার-দেনা পাই পাই করে তুলে নিতে ভুলেনা কখনো। এখনো ভাবছো তোমার ঐ ধূসর পেন্সিলে আঁকবে রঙধনু-হাসি; এসব মিছে ছেলেমানুষি আর কত কাল। আর কত কাল উল্টো সাঁতার- জীবন যে বয়ে গ্যাছে অন্যপথে, অন্য কোথাও। ‘ও মাঝি বারেক ভিড়াও তোমার না-ও, আমি যে রবি ঠাকুর নই; সোনার ধানের গুষ্ঠি কিলাই- তুমি আমারে আধেক নাও।’
২
আমাদের থিয়েটারে রোজ রোজ দুটো বুড়ি কিংবা আশ্বিনের মত্ত-কুত্তি কি সুখে, আহা কি সুখে খেমটা নাচে; আর আমরা দর্শক, বলা যায় কতিপয় মাছি কামানন্দে দোলাই পাছা- শরীর হিমযুগে রেখে আগুনের কাছে কাছে খানিক বাঁচি। তবু ভালো আছি; সাপ দেখে বাপ বাপ বলে দেই তিন লাফ- ‘ওরে চাচা আপকা জান বাঁচা’।' অথচ অধিকৃত ইতিহাসের দল আজো গল্প শোনায়- একদা সিংহ ছিলাম; এঁকেছিলাম কি প্রচন্ড হুংকার, আনন্দ শিৎকার শতকের একাত্তর নং পৃষ্ঠায়! আজকাল ফুলবনে ভ্রমরের উৎপাতে উৎকণ্ঠিত হই না- চুপচাপ খাই দুধ-ভাত, মধ্যে মধ্যে গণিকালয়ে যাই; অতপর ব্যবহৃত কনডমের প্যাকেট নর্দমায় ফেলে দিয়ে বড় বেশি সেক্সলামী হয়ে উঠি। দেবালয়ে ছুটোছুটি, তুলি দুই হাত করি মোনাজাত- ‘রহম কর খোদা তুমি রহম কর, সত্তর নয়রে মাওলা সত্তর হাজার হুর-সহবৎ নসিব কর।’
৩
ঐ যে দেখছো এপিটাপ, ঐ যে স্মৃতির ফলক, ওটা কাকেদের গু-স্থান; ওদিকে যেওনা জান ফুল দিতে, ভুল সবই ভুল- তলে তলে জিন্দাবাদ পাকিস্থান। কত কত বার ডুবে যাওয়ার আগে আগে তুমি তুলে এনেছো সম্ভবনার শেষ নৌকো; বানিয়েছো সাঁকো তেল আর জলের মধ্যিখানে। দুঃস্বপ্নের জরায়ুতে বুণে দিয়েছো মধুর মধুর স্বপ্নের ভ্রূণ; তবু গুনগুন বৃষ্টির গানে ভেসে গ্যাছে সব অকাল শ্রাবণে। ফের তুমি ভাবছো মেঘ সরে গেলে দেখতে পাবে সূর্যের মহড়া? দুঃখিত সীতা এদিকে এসোনা, রামগণ আজকাল হিজড়া হয়ে গ্যাছে। জীবন- সেতো কবেই রেখেছে মাথা ট্রামের নিচে।
মুক্তগদ্য: ২৫/০৮/২০০৯
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




