ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। বিচার বিভাগের ভেতরেও আইনের শাসন ব্যাপকভাবে অনুপস্থিত।
বুধবার জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ- যাত্রী এর সম্মেলন কক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্টাডিজ (আইজিএস) আয়োজিত 'বিচার বিভাগ: পলিসি নোট' শীর্ষক এক গবেষণা পত্রের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিজানুর রহমান আরো বলেন, সাধারণ মানুষের ধারণা পয়সা দিয়ে বিচার কিনে নিতে হয়। আইন শুধু গরীবের বেলায়ই প্রযোজ্য, ধনীর বেলায় নয়।
তিনি আদালতে পূর্ণাঙ্গভাবে বাংলা ভাষা চালুর আহ্বান জানিয়ে বলেন, এতে সাধারণ মানুষের সুবিধা হবে। এছাড়া বিচারক নিয়োগে রাজনীতি সচেতন ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে অভিমত দেন তিনি।
অনুষ্ঠানে গবেষণা পত্রের সংক্ষিপ্তসার তুলে ধরেন আইজিএসের গবেষণা সহযোগী মোহাম্মদ সিরাজুল ইসলাম।
ওই গবেষণা পত্রে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠন, বিচারকদের যোগ্যতা নির্ধারণ, নিয়োগ এবং বিচার বিভাগের অর্থনৈতিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করতে একটি পৃথক সচিবালয় গঠনের সুপারিশ করা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল এর পরিচালক ড. শাহদীন মালিক বলেন, দেশে সাড়ে ১২ লাখ ক্রিমিনাল কেস আছে। অনেক মামলা আছে যেগুলো আসলে মামলা হওয়ার কথা না, কিন্তু মামলা হচ্ছে। কারণ, ক্রিমিনাল কেস করা এখন সহজ হয়ে গেছে। উকিল আছে মাত্র ৩৫ হাজার। ফলে এতো বেশি মামলা নিষ্পত্তি ছাড়াই ঝুলে আছে।
তিনি এ ধরনের 'শত্র"তামূলক' মামলা যাতে না হয় সেব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।
অন্ষ্ঠুানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন কমিশনের সদস্য ড. এম শাহ আলম, সাবেক রাষ্ট্রদূত হারুন উর রশীদ।
অনুষ্ঠান পরিচালনা করেন আইজিএসের পরিচালক মনজুর হাসান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


