somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজ করেন শ্রমিকরা, মজুরি নির্ধারণ করেন কারা ?

২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে পোশাক শ্রমিকদের নতুন বেতনকাঠামোর দাবিতে আন্দোলন চলছে। শ্রমিকদের পক্ষ থেকে যখন বাবুল আখতার ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি তুলেছিলেন, তখন আমাদের শিক্ষিত সমাজের অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল। তাঁদের মনে ভয় ,এসব হাফ-শিক্ষিত ও অদক্ষ মানুষ যদি ৩২ হাজার টাকা বেতন পান তাহলে আমাদের কি হবে ? যেখানে একজন ইন্টার্ন চিকিৎসক ২০ হাজার টাকা বেতন পান, একজন স্নাতক ডিগ্রিধারী তরুণ ১৫ হাজার টাকা দিয়ে চাকরি শুরু করেন, সেখানে পোশাক শ্রমিকদের এত টাকা দিতে হবে কেন ?

বিভিন্ন চাকরির পেজে তখন মজার ছলে মিমস শেয়ার করা হচ্ছিল। মিমস গুলো এমন: যদি শ্রমিকদের বেতন ৩২ হাজার টাকা হয় , তাহলে পরদিন থেকেই বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারখানায় কাজ শুরু করবেন। অথচ ৩২ হাজার টাকা ছিল শ্রমিকপক্ষের প্রস্তাবিত মজুরি। এটি কোনো চূড়ান্ত বেতন ছিল না। মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁদের বিষয়টি বোঝার কথা।

গতবার পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলনের পর বিষয়টি নিয়ে আমার আগ্রহ তৈরি হয়। কীভাবে শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয়, সেটি জানার চেষ্টা করেছিলাম। ২০২৩ সালে শ্রমিকপক্ষের দাবি ছিল ২০ হাজার টাকা। মালিকপক্ষ প্রথমে ১০ হাজার ৪০০ টাকা দিতে চেয়েছিল। শেষ পর্যন্ত সরকার ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে গেজেট প্রকাশ করে।

তাই এবার ধারণা ছিল, শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা দাবি করলেও মালিকপক্ষ হয়তো তার অর্ধেকের কাছাকাছি প্রস্তাব দেবে। এরপর সরকার আরও দুই-তিন হাজার টাকা বাড়িয়ে নতুন মজুরি ঘোষণা করতে পারে। সব মিলিয়ে ১৮ হাজার টাকার আশপাশে গিয়ে দাঁড়াতে পারে। এখন মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ টাকা প্রস্তাব করেছে। অর্থাৎ দরকষাকষির হিসাবটা অনেকটা সেই দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে।

২০২৩ সালের মজুরি নির্ধারণের সময় যে বিষয়টি আমার চোখে পড়েনি, সেটি হলো সিপিডির ভূমিকা। সিপিডি বা সেন্টার ফর পলিসি ডায়ালগ একটি গবেষণা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে তারা গবেষণা করে এবং সরকারকে নানা ধরনের নীতিগত পরামর্শ দেয়। এবার পোশাকশ্রমিকদের মজুরি নিয়েও তারা একটি প্রস্তাব দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, ১৮ হাজার টাকার মতো বেতন হলে একজন শ্রমিক দারিদ্র্যসীমার ওপরে থাকতে পারবেন। আর ২৪ হাজার টাকার মতো হলে জীবনযাত্রার মান কিছুটা ভালো হবে। তারা মোট তিনটি স্তরে মজুরির প্রস্তাব দিয়েছে।

সিপিডি কার স্বার্থে এসব গবেষণা করে ? তাদের অর্থায়ন করে কারা ? সরকারকে অর্থনৈতিক বিষয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা কতটুকু ? এমনকি সরকারি বেতনকাঠামো নিয়েও সিপিডি গবেষণা করে প্রস্তাব দেয়। এরপর দেখা যায়, সরকারি বেতনকাঠামোর সঙ্গে তাদের প্রস্তাবের বেশ কিছু মিল থাকে। তাহলে কি সিপিডি দেশের ছায়া অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে ?

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাব আসার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে; শ্রমিকপক্ষ প্রথমে ৩২ হাজার টাকা দাবি থেকে পিছু হটে । ধাপে ধাপে কমিয়ে এখন ২২ হাজার টাকা দাবি জানাচ্ছে। এত দ্রুত তাদের দাবি কমে আসার বিষয়টি কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। মনে হচ্ছে, তারা যেন সিপিডির প্রস্তাবিত মজুরির সীমার কাছাকাছি থাকতে আগ্রহী।

শ্রমিকদের পক্ষে যাঁরা দরকষাকষি করেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা যায় । তাঁরা কি সত্যিই শ্রমিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন, নাকি আন্দোলনকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখার চেষ্টা করছেন? শ্রমিক প্রতিনিধিদের সরকারি এজেন্ট বলে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে ।

দেশে সরকারি চাকরির ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতনকাঠামো নিয়ে তেমন কোনো আলোচনা হয় না। এই গ্রেডে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি বা এসএসসি পাস হলেই চলে। অথচ বাস্তবে স্নাতক ডিগ্রিধারী অনেক তরুণ চাকরি না পেয়ে এসব পদে আবেদন করছেন এবং চাকরিও করছেন। সামনে এই গ্রেডের একজন কর্মচারীর বেসিক বেতন ২০ হাজার টাকা হতে যাচ্ছে। পোশাকশ্রমিকদের বেতন নিয়ে যাঁরা এত প্রশ্ন তোলেন, তাঁদের কারো এসব বিষয়ে আপত্তি দেখা যায় না।

সমস্যাটা আসলে কোথায় ? একজন সরকারি কর্মচারী ২০ হাজার টাকা বেতন পেলে সেটি স্বাভাবিক, কিন্তু একজন পোশাকশ্রমিক ২০ হাজার টাকা চাইলে সেটি অস্বাভাবিক? অথচ এই শ্রমিকদের শ্রমেই দেশের প্রধান রপ্তানি খাত টিকে আছে। আমাদের মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ আসে পোশাক খাত থেকে। তাঁদের কাজকে অদক্ষ বলা যেতে পারে, কিন্তু তাঁদের শ্রমের অর্থনৈতিক মূল্য অস্বীকার করার সুযোগ নেই।

একজন শ্রমিক যে কাজ করেন, সেই কাজের পেছনে তাঁর শারীরিক পরিশ্রম, সময় এবং জীবনের বড় একটি অংশ ব্যয় হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় কাজ করার পর তাঁকে আবার সংসার সামলাতে হয়। অনেক শ্রমিক বাসাভাড়া বা যাতায়াতের টাকা বাঁচাতে কয়েক কিলোমিটার হেঁটে দুপুরে বাসায় যান, খাবার খেয়ে আবার কারখানায় ফিরে আসেন। দশ টাকা ভাড়া বাঁচানোর জন্য তাঁদের এই সংগ্রাম নিজের চোখে না দেখলে বোঝা কঠিন।

দেশে সরকারি হিসাবে মূল্যস্ফীতি ৮ শতাংশের আশপাশে থাকলেও বাজারে সাধারণ মানুষের অভিজ্ঞতা ভিন্ন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা ও যাতায়াত খরচ সবকিছু মিলিয়ে সবার জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। এই পরিস্থিতিতে একজন পোশাকশ্রমিক ২০ হাজার টাকা বেতন চাইলে এত আপত্তির কারণ কী ?

আমাদের পোশাকশিল্পের মালিকদের মনোভাব নিয়েও প্রশ্ন আছে। শ্রমিকদের বেতন বাড়ানোর কথা উঠলেই তাঁরা ব্যবসার খরচ ও আন্তর্জাতিক প্রতিযোগিতার কথা বলেন। আবার কর কমানোর জন্যও নানা ধরনের দাবি তোলেন। অথচ দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়মকানুন মানা, পরিবেশ রক্ষা, যথাযথ কর দেওয়া এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও সমান গুরুত্বপূর্ণ।

দেশে সঠিক আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনা করেন এমন প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম । অনেক ক্ষেত্রে মালিকেরা দেখেন, শ্রমিকের অভাব নেই, সরকারের মনিটরিং দুর্বল এবং শ্রমিকদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই । ফলে কম বেতনে শ্রমিক নিয়োগ করা বা তাঁদের ন্যায্য পাওনা না দেওয়ার সুযোগ তৈরি হয়।

এখানে সরকারের অবস্থানও খুব শক্তিশালী নয়। দেশের রপ্তানি আয়ের বড় অংশ একটি খাতের ওপর নির্ভরশীল। অন্য কোনো শিল্প খাত এখনো পোশাকশিল্পের মতো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে পারছে না। ফলে পোশাকশিল্পের মালিকদের ওপর চাপ তৈরি করতে গেলেও সরকারকে অনেক কিছু বিবেচনা করতে হয়।

তার ওপর কারখানাগুলো ঠিকমতো গ্যাস ও বিদ্যুৎ পায় না। আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির অভিযোগও রয়েছে। ব্যবসার পরিবেশ উন্নত করতে না পারলে মালিকদের সঙ্গে দরকষাকষিতে সরকার দুর্বল অবস্থানে থাকবে। এর প্রভাব পড়বে শ্রমিকদের উপর; তাই শুধু মালিকদের চাপ দিয়ে শ্রমিকদের বেতন বাড়ানোর চেষ্টা করলেই হবে না। সরকারকে আগে নিজের সক্ষমতা বাড়াতে হবে। নতুন শিল্প খাত তৈরি করতে হবে, রপ্তানি আয় বাড়াতে হবে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে।

শ্রমিকদের চাপ কমাতে নতুন সরকার তিন মাসের জন্য ওএমএসের মাধ্যমে তাদের কাছে কম দামে চাল বিক্রি করছে । কিন্তু শ্রমিকদের জন্য আরো বেশি কাজ করার সুযোগ রয়েছে। শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় মিলে পোশাকশিল্পের এলাকাগুলোতে শ্রমিকদের জন্য খাবার পণ্যের উপর ডিসকাউন্ট সুবিধা চালু করতে পারে। তাঁরা পরিচয়পত্র দেখিয়ে সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। সরকার ভর্তুকি দিয়ে পণ্যের দাম সাধারণ বাজারের তুলনায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে। এতে শ্রমিকদের মাসিক খরচ অনেকটা কমবে।

শুধু শ্রমিকের বেতন বাড়ালেই তাঁর পরিবারের জীবনযাত্রার সব সমস্যার সমাধান হবে না। তাঁদের সন্তানদের শিক্ষার বিষয়টিও দেখতে হবে। পোশাকশিল্পের অনেক শ্রমিক মা-বাবা দুজনই দিনের বেশির ভাগ সময় কারখানায় কাজ করেন। তাঁদের ছোট সন্তানদের দেখাশোনার জন্য পর্যাপ্ত ডে-কেয়ার সেন্টার নেই। ফলে অনেক পরিবার সন্তানদের আবাসিক মাদ্রাসায় পাঠাতে বাধ্য হয়।

সরকার চাইলে পোশাকশিল্পের এলাকাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ডে-কেয়ার সেন্টার চালু করতে পারে। সকালে সন্তানকে স্কুলে রেখে মা-বাবা কাজে যাবেন। কাজ শেষে সন্তানকে নিয়ে বাড়ি ফিরবেন। এতে শিশুরা প্রাথমিক শিক্ষা পাবে, আবার নিরাপদে থাকার ব্যবস্থাও হবে। আমাদের অনেক সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। অন্যদিকে শ্রমজীবী পরিবারের সন্তানদের জন্য পর্যাপ্ত শিক্ষা ও পরিচর্যার ব্যবস্থা নেই। সরকার প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ থেকে সরে এসে বিশেষায়িত প্রাথমিক বিদ্যালয় কাম ডে কেয়ার সেন্টার নিয়ে নতুন করে ভাবনার সুযোগ রয়েছে ।

আর আমাদের শিক্ষিত সমাজেরও দায়িত্ব রয়েছে। শ্রমিকের কাজকে ছোট করে দেখা কিংবা তাঁদের ন্যায্য মজুরির দাবিকে উপহাস করার আগে দেশের অর্থনীতিতে তাঁদের অবদান বোঝা দরকার। এমনকি ভোক্তা হিসেবেও আমাদের ভাবতে হবে, যে পণ্য ব্যবহার করছি, সেটি তৈরির পেছনে যাঁদের শ্রম রয়েছে, তাঁদের জীবন কেমন চলছে ?

একটি শিল্প শুধু মালিকের পুঁজি দিয়ে টিকে থাকে না। শ্রমিকের শ্রম, সরকারের অবকাঠামো ও নীতিসহায়তা, ক্রেতার চাহিদা এবং সমাজের সহযোগিতা মিলেই একটি শিল্প গড়ে ওঠে। তাহলে সেই শিল্পের সুফল বণ্টনের সময় শ্রমিকদের কথা সবার শেষে আসবে কেন? দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান স্বীকার করার পাশাপাশি তাঁদের ন্যায্য জীবন নিশ্চিত করাও আমাদের সবার দায়িত্ব।



ফটোকার্ড : সময় টিভি
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৯
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×