মেয়েটি বাসের রুট চেনে না। শহরের সবচেয়ে বড়ো ক্রসিংটা দুতিনবার এদিক সেদিক পার হয়- এই ট্যাক্সি...
অফিস দৌড়ের সকালে যে দুয়েকটা ট্যাক্সি ফাঁকা তারা কেউ তার গন্তব্যে যেতে রাজি নয়। ঘড়ি দেখে আর চারপাশ তাকায় মেয়েটি। খটখটে রোদে এসএমএস করে কোথাও...
রিকশাওয়ালাটা অনেকক্ষণ ধরে দেখছিল তাকে- আপা কই যাবেন?
- অমুকখানে
- চলেন
রিকশা গলির ভেতরে ঢুকে গেলে সে জানতে পায়- মেইন রোডে রিকশা চলে না তাই আপনেরে অন্যপথে নিয়ে যাই...
- তাড়াতাড়ি ভাই
গলি থেকে গলিতে রিকশা চলে। মানুষ গাড়ি ঠেলার ফাঁকে রিকশা চলে। মেয়েটা সময় দেখে আর পরিচিত রাস্তা খোঁজে। পরিচিত রাস্তা দেখলে হিসেব করা যাবে কতক্ষণ লাগতে পারে পৌঁছাতে...
রিকশাটা একটা কাঁচা বাজারের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে মানুষ হাঁটুরে গাড়ি আর সিগন্যাল কিংবা ট্রাফিকজ্যামের ভেতর। দাঁড়িয়ে থাকে। ঠিক এক জায়গায় অনেকক্ষণ। আমরা তাকে দেখি। চলবে মনে হয়। কিন্তু তবুও পরীক্ষা করা দরকার...
আমাদের একজন রাস্তা থেকে সবজির টুকরা কুড়িয়ে কুচি কুচি করে। রিকশার পাশ দিয়ে যেতে যেতে ফুল ছিটানোর মতো করে ছড়িয়ে দেয় তার উপর। কাজল দেয়া চোখ বড়ো বড়ো করে মেয়েটি তাকায়। কিচ্ছু বলে না। তার মানে ফিফটি ফিফটি। না হলে একটা চিৎকার কিংবা গালাগালি দিতো...
রিকশাটা দাঁড়িয়ে থাকে। মেয়েটা কোথাও ফোন করে। ফোনের ভাবও হতে পারে। দাম বাড়ানোর টেকনিক। আমাদের আরেকজন তার রিকশার কাছে গিয়ে দাঁড়ায়- আমি কি উঠব?
কোনো শব্দ নেই। ফোনটা রেখে দিয়ে তাকায়। আমাদেরজন আবার বলে- আমি কি পাশে উঠব?
মেয়েটা সামনের পুলিশের গাড়ি দেখায়- আমি কিন্তু পুলিশ ডাকব
- হাঃ হাঃ হাঃ পুরাপুরি লাইনের জিনিস। বেশি রেটের সিগন্যাল দিলো...
আমাদেরজন পাল্টা সিগন্যাল দেয়- আমাকে একা মনে করার কারণ নেই। আরো ছয় সাতজন আছে
বেলাইনের লোক হলে বুঝবে শক্তি আর লাইনের লোক হলে বুঝবে কতজন সামলাতে হবে
মেয়েটা কিচ্ছু বলে না। রিকশাকে তাড়া দেয়- তাড়াতাড়ি যান
এইটাও দাম বাড়ানোর টেকনিক। পাত্তা না দিয়ে পকেটের টাকা মেপে নেয়া
রিকশা নড়ার এক ইঞ্চি জায়গা না থাকলেও সে আবার রিকশাওয়ালাকে তাড়া দেয়- তাড়াতাড়ি যান
এবার আমরাও সবাই মিলে রিকশাটাকে ঠেলতে থাকি- তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তাড়াতাড়ি যান...
রিকশার চাকা দুয়েক চক্কর আগায়। আবার দাঁড়ায়। আমরাও পেছন পেছন হাঁটি। রিকশা ঠেলতে থাকি। দেখা যাক নিজে থেকে কোনো রেট বলে কি না
- ভাই আপনার যাওয়া লাগবে না। আমাকে মেইনরোড পর্যন্ত নিয়ে যান
রিকশাওয়ালাকেই বলে
- আরে বাবা বলবি তো কত চাস? কিংবা কয়জন পর্যন্ত সামলাতে পারবি সেইটাও বল...
কিন্তু কিচ্ছু বলে না। সিগন্যাল ছোটে। রিকশা ঘোরে। বুঝতে পারছি না কী বলতে চায়। আমরাও রিকশা ধরে পেছন পেছন যাই
- এই ট্যাক্সি অমুকখানে যাবেন?
- না
- ডবল ভাড়া দেবো। চলেন
- আরেব্বাইস। ডাবল ভাড়ায় ট্যাক্সিতে উঠে পড়ল? তাহলে কি আমাদেরকে ট্যাক্সিতে করে নিয়ে যাবে?
আমরা ট্যাক্সি ধরে দাঁড়িয়ে থাকি। ট্যাক্সিওয়ালা আমাদের দিকে তাকায়। এবার একটা চিৎকার শুনি। একটানে ট্যাক্সি বের হয়ে চলে যায় আর আমরা বুঝে যাই বেলাইনের জিনিস। টাকা লাগতো না। ধরে নিয়ে গেলেই হতো...
০২
- গুডমর্নিং এভরিবডি..
- গুডমর্নিং গুডমর্নিং গুডমর্নিং...
সবাইকে ফর্মাবাঁধা হাসি আর সম্বোধন দিয়ে আমাদের সাথেই হাজিরা খাতায় সই করে মেয়েটি। কোথাও কিছুই ঘটেনি আজ। ঠিক টাইমেই অফিসে এসেছে সে...
২০০৯.১০.১২ সোমবার
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



