"আল্লাহ যখন আমাকে অসুস্থ করেন তখন তিনিই আমাকে সুস্থ করেন।" (সুরা আশ শু'আরা : ৮০)
আমাদের সমাজে কোন কোন অসুস্থ লোককে জিজ্ঞাসা করলে বা টেলিফোন করলে আলহামদুলিল্লাহ বলে না- বলে ভালো নেই, কোন রকমে চলে যাচ্ছে, এক রকম আছি, মোটামুটি আছি ইত্যাদি। কিন্তু তার পাশে তার চেয়েও যে খারাপ ও মরনাপন্ন অবস্থায় লোক আছে, আল্লাহ যে তার চেয়ে তাকে ভাল রেখেছেন এ কথা চিন্তা করে তার অবশ্যই শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলা উচিত।
আল্লাহ তা'আলা মানুষকে পৃথিবীতে তার এবাদত বা তার হুকুম মেনে চলার জন্য পাঠিয়েছেন। মানুষকে দুঃখ কষ্ট দ্বারা পরীক্ষা করে দেখেন যে সে কেমন হুকুম মেনে চলে। যারা পরীক্ষায় পাশ করতে পারেন তারা দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল।
পরীক্ষা দিলেই প্রমোশন হয়, পরীক্ষা ছাড়া প্রমোশন হয় না। তাই পরীক্ষা আসলে প্রমোশনের চিন্তা করে পরীক্ষার্থী খুশী থাকে, বেজার থাকে না। দুনিয়াতে কষ্ট হোক তা কেউ চায় না। সবাই চায় দুঃখ কষ্ট থেকে দুরে থাকতে। সুখী জীবন-যাপন করার স্বপ্ন সবার। কিন্তু বুঝতে হবে সুখী জীবন লাভ করার জন্যই দুঃখের পথ পাড়ি দিতে হয়। দুঃখ ছাড়া সুখ হয় না।
একজন কৃষক অনেক দুঃখ কষ্ট শ্রম সাধনা কে জমি আবাদ করে। এক সময় তার জমি ফুলে ফলে সুশোভিত হয়। আনন্দে তার মন ভরে উঠে।
একজন ডাক্তার অনেক পরিশ্রম করে একজন মরনাপন্ন রোগীর চিকিৎসা করতে থাকে। বিভিন্ন অপারেশন ও সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করে। যখন রোগী সুস্থ হয় ডাক্তারের মন তখন আনন্দে ভরে উঠে।
একজন ছাত্র ভাল রেজাল্ট করার জন্য ঘুম ও বিশ্রাম ত্যাগ করেন রাত্রি জাগরণ করে লেখা-পড়া করে এবং পরীক্ষা দেয়। পরীক্ষার পর ফল প্রকাশ হলে সে আনন্দ লাভ করে। তাহলে বুঝা যায় যে, পরিশ্রম ও দুঃখকষ্ট করা ছাড়া সুখ-শান্তি পাওয়া যায় না। কিন্তু যারা বুঝতে পারে না তাদের মনে কষ্ট বেশি লাগে। এখানেও কষ্ট, আখেরাতের জীবনেও কষ্ট।
দুঃখ কষ্ট করে কাজ করতে থাকলে পরিণাম ভাল হয়। আর ভাল পরিনামই একজন ঈমানদার মানুষের কাম্য। তাই ভালো কিছু অর্জনের জন্য কিছু কষ্ট ত্যাগ স্বীকার করতেই হবে। অসুস্থ লোকদের জন্য পরিণাম এজন্য ভাল যে কষ্টের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। জান্নাতে যাবার পথ পরিষ্কার হয়।
আমাদের সমাজে অসুস্থ লোকের সংখ্যা ক্রমশঃ বাড়ছে। প্রতিদিন রোগীর চাপ ও সংখ্যা মেডিক্যাল ক্লিনিকগুলোয় বাড়তেই আছে। এসব জায়গায় রোগীদের মন যদি ভাল থাকে, উদ্দেশ্য লক্ষ্য যদি পরিষ্কার থাকে তবে শারীরিক অসুস্থ লোকও মানষিক শান্তি পায়। সাথে সাথে তার সংগে অবস্থানরত আত্মীয় স্বজনরাও একটু ভাল অবস্থায় ও খুশী মনে সেবা যত্ন করতে পারে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



