আজ ভালবাসা দিবসে তোমাকে ভালবাসার উষ্ণতা বিলাবো না প্রিয়তম। আগে বার্ন ইউনিটগুলোতে ভীড় কমুক! তুমি আমি ফুটপাতের আল ধরে নিশ্চিন্তে হাঁটি! অসহায় দিন মজুর নিশ্চিত আয়ের পথ খুঁজে নিক! শিশুগুলো প্রস্ফুটিত হবার আগে ঝরে পড়ার ভয় ভুলুক! মায়ের বুকের অযথা কাঁপুনি থামুক! বৃদ্ধ পিতা স্বপ্ন দেখুক সেই শেষ যাত্রার, যার রথ বয়ে নিয়ে যাবে তারই সন্তান! ধর্ষনের দুঃস্বপ্ন ভুলে যাক আমার বোন! বিচলিত হতে ভুলে যাক আমার আদরের ভাই! অনিশ্চয়তা ভুলে যাক আমাদের অনাগত কিংবা আগত সন্তান!
সেদিন প্রিয়তম, তুমি লাল শাড়ি আর সোনালি ব্লাউজ জড়িয় গায়। আমি তোমার খোপায় গুজে দিব গোলাপ। তোমার মাথায় পড়াবো সকল ফুলে জড়ানো মুকুট। দৃঢ় করে আমার বিচ্ছিন পাঁচটি আঙ্গুল অলংকার করবে তোমার বিরহী পাঁচটি আঙ্গুলকে। ঠোঁট থেকে ঠোঁটের সীমানা ভুলে আমরা ছড়িয়ে দিব চুমুর দীপ্তি অরন্যে, মেঘ মালায়, আকাশে তারও অনেক উপরে খোদার আরশে.....
চল প্রিয় আজ পঞ্চাশ টাকায় ফুল না কিনে বিশ টাকায় একটি ফুলকপি কিনি। কৃষক বাঁচবে, মাটি বাঁচবে, দেশ বাঁচবে, বাঁচবে ভালবাসা....
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




