তারে দেখে খড়ের গাদায় কতবার মুখ লুকিয়েছি
রোদের তীব্রতার মতোন তার দেহের উজ্জ্বলতায়
কতযুগ যেন মিশে আছি - এইরকমের বোধে, ঘোরে নিশ্চুপ হয়ে তৃষ্ণার
হাড়ে একা একা বাজি।
বাজি ধরে টিকে থাকা জীবনের গুচ্ছ গুচ্ছ স্বাদ-ইচ্ছা, তৃষ্ণা আর টকটকে লালে মোহনের পাড় ভেঙে যাওয়া আইলে সোনার সিংহরা ওড়ে, কেউ কেউ এই সোনার সিংহদের মেঘদলে ভিড়ে; মানুষের স্বাদ-ইচ্ছা-তৃষ্ণা ভুলে হয়ে ওঠে মেঘের খঞ্জর, আমার বন্ধু সে, প্রাণের গভীরে ঘাই মারে, প্রতিনিয়ত তার ঘাইয়ে আমি আওলিয়ে যাই, আমি টুকরো হয়ে পড়ি ঘাসে, রোদে, মৃত্তিকার উর্বর সিনায়। তাকে আমি কবিতা শোনাই। সে আমার বন্ধু। তার নাম নাজমুল। নাজমুল আমার বন্ধু। পাখি। হারানো পাখি। সোনার সিংহ। মেঘদলের খঞ্জর। এই ভাসে তো এই হারাই তাকে। এক গোলক ধাঁয়ার অভ্যন্তরে তাকে হারাই, আবার ফিরে ফিরে পাই।
তারে দেখে খড়ের গাদায় কতবার মুখ লুকিয়েছি
রোদের তীব্রতার মতোন তার দেহের উজ্জ্বলতায়
কতযুগ যেন মিশে আছি - এইরকমের বোধে, ঘোরে নিশ্চুপ হয়ে তৃষ্ণার
হাড়ে একা একা বাজি।
নাজমুলকে উপরোক্ত কয়লাইনগুলো শুনানোর পর ও আমার মুখের দিকে চেয়ে থাকে। ওর দৃষ্টির ছুরিতে ঝলকের শস্যদানা, কোন কথা বলে না বেশ কিছুক্ষণ। ও এমনিতেই কম কথা বলতো আমার সাথে। শুধু মিটমিট করে হাসতো। সে হাসির নানারকম অর্থ করা যেত। ও আমাকে খুব পছন্দ করতো, আমিও। তো, এই কয়লাইন শোনানোর পর ও মিটমিট করে হাসতেছে দেখে আমি সিগারেটের রাংতার উপর ব্রাউন রঙের পাউডার ঢালি। যেন জীবন ঢেলে দিচ্ছি। ঢেলে দিচ্ছি জীবনের সবটুকু উপুড় করে দিচ্ছি। তার পর রাংতা কাগজের নিচে মোম জ্বেলে ওর মুখের দিকে তাকাই। তখনো ও মিটমিট করে হাসে আর পাঁচ টাকার কড়কড়া নোটটাকে সে চোঙার মতো করতে থাকে, যেন নিজের দেহটাকেই চোঙার মতো তৈরি করছে আনমনে। চিকন নলের মতো লাগে। চোঙা বানানো শেষ হলে, রাংতা কাগজটা আমার কাছ থেকে টেনে নেয় ছো মেরে। এইটাতে আমার অধিকার এখনো জন্মাই নাই মনে হলো।
ও বলে, তোর এসবের দরকার নেই। আমার কাছে দে।
এবার সে রাংতা কাগজের নিচে মোমের আলো জ্বলা পিণ্ডটাকে সামনে থেকে পিছনের দিকে নিয়ে যায়, পিছন থেকে সামনের দিকে নিয়ে যায় আর টাকার চোঙাটা মুখে ধরে একইভাবে সামনে-পিছনে টানে। জীবনকে সামনে পিছনে নিতে থাকে, ভোরের নদীতে কুয়াশা উঠলে যেমন লাগে ঠিক তেমনি রাংতা কাগজের উপর নদী আর কুয়াশা একাকার হয়ে ওঠে। নাজমুল টাকার চোঙা দিয়ে টেনে নিতে থাকে নদীর উপর কুয়াশাগুলোকে। আমি চুপ হয়ে দেখি নদীর উপরকার কুয়াশাগুলা ও টেনে নিচ্ছে, আর ওর মুখের আদল পরিবর্তন হয়ে যাচ্ছে। মুখের ভূগোলে অসংখ্য পাখির পালক নির্মিত সৌধের ছায়া দুলতে থাকে। ওখানে আমার মুখও ভাসে, আমি চিনতে পারি না। ভাঙা ভাঙা ছায়া। অসংখ্য টুকরা টাকরা ছায়ার প্রচ্ছদে অসংখ্য নাজমুলের মুখ ভেসে ওঠে।
আমি বলি, আর কয়েক লাইন শুনবি?
ও চোঙাটা মুখে ধরেই মাথা ঝাকায়ে সম্মতি দেয়।
আমি পড়তে থাকি;
উরুর গোপন পাঠশালায় সূর্য ওঠে রোজ
রাজনীতিবিদদের মুখের উপর ড্রেনলাইন বেঁকে যায়
সুশীলবুদ্ধিজীবীরা টিভির পর্দায়
তা দিতে থাকে প্রতিদিন। তাদের মুখের ভিতর কর্পোরেট
ড্রিম গার্ল, লাক্সসাবানের ফ্যানা আর বেসরকারি ব্যাংকের
বিজ্ঞাপণ - নাচতে থাকে,
হরিলুটের বাহিনী রাস্তায় রাস্তায় টহল দেয়,
আমরা দেখি, দেখতে থাকি
তুবড়ানো দেয়ালের শ্লোগান, বাদামের খোসায়
আমাদের জীবন থেকে ছিটকানো
রোদ, ধুলো তো গড়াই।
কাঁপা কাঁপা গলায় ভাসতে থাকে - পুঁজির গাল, তেলব্যবসায়ীর
ভারি চশমার ভিতর গরিব মানুষের হাহাকার
হৈ হৈ করে ওঠে।
ও, চোখ ছোট ছোট করে আমাকে দেখে। ওর দেখার চোখ আমাকে এফোড় ওফোড় করে ফেলে। আমার ভিতরকার সবকিছু ও দেখতে পাচ্ছে। ঠোটে সেই মোহন হাসি। মেঘের খঞ্জর..
বিড়বিড় করে বলে, “উঠোনের পুঁইমাচার উপর রোদ উঠছে খুব, তুই ওইগুলারে ধর, ধরা চেষ্টা কর। তোদের ডোবার মধ্যে সবুজ ছ্যাদলাতে একটু ঘুরে আস, পুকুরপাড়ের বাঁশঝাড়ের তলে গিয়ে দাঁড়া, দেখে আয় সাদা জীবনের ঝাঁক, যা ঘুরে আয়, যা যা..আর দেরি করিস না।
আমি ওর মুখের চামড়াতে দেখি নদীর কুয়াশাগুলা উড়তেছে। মাঝিদের অনাবিল মুখের জগতে ওর ডানার শব্দ মেঘ হয়ে উড়ছে। আমি বলি, আইচ্ছা। আমি যাবো নে..একটু সময় করে নিই।
তোর কি শেষ?
ও না বলে মাথা ঝাকায়। আস্তে আস্তে বলতে থাকে, সুরের ভিতর থাক, সুরের ভিতর ঘড়ির কাঁটা হ, মেঘ হ, কাগজের ঠোঙার গায়ে উড়ে গিয়ে বস, একটু জিড়া...আর রাত গভীর হলে আকাশ দেখ, নিজের ভিতর আর একটু ওড়্ ওড়...ডানা লাগা ...ডানা লাগা...
আমি ডুবন্ত নীলের ভিতর, পাতালের রেলে চড়ে ওর কথা শুনি, ও আমাকে বলে,
তুই এই শহরের সমস্ত বেড়ালগুলোর নখগুলো একজায়গায় কর, মাছের কাঁটাগুলো একসঙ্গে করে সিগারেটের খালি খোলের ভিতর ঢুকা। নিজের দেহটাকে একটু নাচা, তারপর আগুল জ্বালায়ে টেনে নে। টেনে সবটুকু ধোয়া, সবটুকু আকাশের রঙ টেনে ভিতরে, দম ধরে থাক, ছাড়িস না, একটু ধরে রাখ, তারপর ছাড়্। দেখবি শহরটা কিরকম হাড়ে ভরা, কিরকম জরাগ্রস্ত, কিরকম তোর এই শহরের অলিগলি বাকাচোরা, দুমড়ানো।
আমি বলি, তুই আর শুনবি না..
ও তাচ্ছল্য ভঙ্গিতে বলে, বল..
আমি চুপ হয়ে থাকি। আর ও নদীর কুয়াশাগুলারে নিজের ভিতরে টেনে নিতে থাকে। খণ্ডখণ্ড মানুষের শ্বাস-প্রশ্বাস ও নিজের ভিতরে টেনে নিচ্ছে। আমি দেখতেছি স্নায়ুর আকাশ ভরে ওঠে রাংতামোড়া কাগজে। ধসে পড়া দেয়ালের গায়ে জেগে ওঠা অক্ষরে আমি পড়তে থাকি - দুজনার মুখ।
মনোভ্রমণে দুইটা পাখির সাথে দেখা
মেঘের পিঠে সিংহ
রান্না ঘরের কাছাকাছি শাঁখার শব্দ দূরের জঙ্গলে
টেনে নিলো পাতার আকর্ষণ
তাকে মনে পড়লো না তাকে মনে পড়লো না
একটা
বিমান উড়ে গেলো
তার পাখা নেই, হলুদ পাতার কাছে
এসে মণ্ডু থেকে গড়ানো আলোর ছুরিতে উঠে এলো গাছের কাণ্ডচূর্ণ
মদ্যপের কাটা আঙুলেরা
লিখতে চাইলো - নাভি, লিখতে চাইলো নদী, সবুজ স্কার্ট থেকে
সরিয়ে নিলো সূর্য..
কাচের ভিতর
মহিষ, কালো মহিষ, মাটিতে খরগোশের পায়ের আলপনা
আর মৌফুলের ঘ্রাণ
মিলেটিলে একটা সঙ্গম আঁকতে চেয়ে চুপচাপ
হয়ে ব্রাশ পড়ে আছে
রান্নাঘর চলে আসছে তুলির খুব কাছে
যখন দুজন মিলে এক হয়ে গেলো
তখন জানালাটা আর চেনা গেলো না, বিছানার ওপোর
শুধু বেড়ালের একজোড়া
চক্ষু জ্বলজ্বল করতে থাকলো -
দুইটা পাখির ডানা, আহা! নদীতে মিশে গেলো দুজনার মুখ
যখন দুদিকে ছড়ালো..
নাজমুলের রাংতা কাগজের উপর অর্ঘ্যর মুখ ভাসছে কেনো? ও তো থাকে কানাড। ও কিভাবে নাজমুলের মুখের ছায়ায় ভাসতেছে। রাংতা কাগজের নিচে মোমের আলোয় আমি অর্ঘ্যর কমেন্ট পড়ি,
অর্ঘ্য বলে, মনোভ্রমণে গিয়েছিলেন নাকি বনভ্রমণে ? শুনে খুব খালি খালি লাগে। নিঃস্ব হয়ে যাওয়া ফলের শুকনো ত্বকে অস্পষ্ট হয়ে উঠি। এলোমেলো বাতাসের ভিতর শেফালির মুখের এক কোণা ভেসে উঠে আবার ডুবে যায়। নাজমুলের হাতের শিরা ফুলে ওঠে। শিরার ভিতর আমার ছবি? নাকি কাঠের ঘোড়া?
নাকফুলে রাত গভীর হলে খুলে পড়ে
রান্নাঘরের জানালা
কেউ আসেনি কবর খুড়তে
রাস্তার পাশে পড়ে আছে ভিখারি মেয়াটা
ময়লার গাড়ি এসে দেখে গেছে
কাল রওনা হবো পাহাড়ে - সমুদ্রে যাবো ওখান থেকে
তুমি কি ফোন করেছিলে?
ওদের বাড়ির জানালা খোলা - আলো এসে দেয়াল ভিজিয়ে দিচ্ছে..
.......................................
সিংহ , পাখি , মহিষ , খরগোশ , বেড়াল – এত সব wild life মিলে মিশে একাকার । আবার পাশাপাশি রান্নাঘর , শাঁখা , নাভি , স্কার্ট , সঙ্গম – ইত্যাদি ধরে রাখছে মানব সমাজে ।
......................................
ব্রাশ , আর তুলি – এই দুইটা শব্দ খুব সুন্দর প্রয়োগ করা হয়েছে মনে হল । আর প্রথম শব্দটাকে মনে হল disclaimer – মনোভ্রমণ – প্রথমেই জানিয়ে দেওয়া যে – যা আসছে তাতে কল্পনার বল্গা হরিণের ছোটাছুটি থাকতে পারে ।
থাকতে পারে রাংতা কাগজের টুকরো, টাকার পাইপ।
অর্ঘ্য - আমি কবিতার জন্য তো প্রতিনিয়ত মনোভ্রমণে যাই, আর এই ভ্রমণে দেখা হয়ে যায় সিংহ, পাখি, খরগোশ, বেড়ালদের সাথে। আর এর সাথে মানব সমাজের যেই অন্দরমহলে থাকি, তার ভিতর-বাহিরও থাকে ভ্রমণরত চিন্তা-ভাবনার ডালে।
ডালের অন্তরে ডুব দিয়ে দেখি নাজমুলের মুখ। নতুন করে দেখি ওর মুখ।
অনেক দিন থেকেই তো নতুন করে দেখার চেষ্টা করছি। সেটা করতে গিয়ে অনেক সময়ই পুরনো অভ্যাসের স্টাইল চলে আসে, অনেক ব্যবহৃত শব্দও চলে আসে। যেগুলা থেকে বের হয়ে আসা জরুরী বলে মনে করি। কিন্তু কাজ করতে গেলে - মানে কবিতায় তা করা সহজ না। তারপরও চেষ্টা থাকে। আসলে ডিসক্লেইম করার কথা ঠিক আমার মাথায় ছিল না। তাৎক্ষণিক মেমোরি বিবৃত করার একটা চেষ্টা ছিল। যে মেমোরিতে একটানা কোন গল্প নেই বা চিত্র্ নেই। একটা দৃশ্য থেকে আর একটাতে যাওয়া তার মাঝখানে যে ফাঁকা জায়গা তা মেমোরি লস এর স্থান।
নাজমুলের মুখ -
("হলুদ পাতার কাছে
এসে মণ্ডু থেকে গড়ানো আলোর ছুরিতে উঠে এলো গাছের কাণ্ডচূর্ণ, মদ্যপের কাটা আঙুলেরা
লিখতে চাইলো - নাভি, লিখতে চাইলো নদী, সবুজ স্কার্ট থেকে সরিয়ে নিলো সূর্য..
কাচের ভিতর
মহিষ, কালো মহিষ, মাটিতে খরগোশের পায়ের আলপনা আর মৌফুলের ঘ্রাণ
মিলেটিলে একটা সঙ্গম আঁকতে চেয়ে চুপচাপ
হয়ে ব্রাশ পড়ে আছে"
অর্ঘ্য বলে, এই অংশটা দারুণ লাগল । যেন সররিয়াল একটা ফিল তৈরি হয়ে যাচ্ছে ।) আমার খুব কাছে চলে আসে। মেঘের খঞ্জর। অর্ঘ্য'র কথায় নাজমুলও সায় দেয়। মাথা ঝাকায়। মুখে কড়কড়ে টাকার পাইপ। চোঙা।
রাংতা কাগজের উপর নদী। সামনে থেকে পিছনে যায়, পিছন থেকে সামনে, নাজমুল বলে, তোর মাথাটা আর একটু ঢেলে দে মাটিতে। আর একটু হাটুর ভিতর মাথাটা সেধিয়ে দে। আর মাছের কাঁটাগুলো সংগ্রহ কর। আমি নাজমুলের মুখের কোষে কোষে রোদ উঠতে দেখি। রাংতা কাগজের উপর নদীর কুয়াশাগুলো টেনে নিতে থাকে টাকার নল....
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




