পলায়নপর মনোবৃত্তির ড্রাগন এসে তুলে নিয়ে যায় এ দেহ,
মগজের তপ্তস্পর্শে হেসে ওঠা কোষগুলো ছড়িয়ে পড়ে মেঝেতে,
আর রুপালি
রুমালে শাদা চোখে ভরে ওঠে।
চারিদিকে মাংশের স্তূপ, মাংশের ভিতর লাল লাল রড
কোন তরিকায় আছি হে মাছি হে তরকারি বিক্রেতার ক্রোধ
পেঁয়াজ-রসুনের ঝাঁজে ঘরভরতি হে শূন্যতা হে বাদামী পেরেকবিদ্ধ
শহুরী পরী, কার কাছে গেলে খোঁজ পাবো মিডিয়া ধড়িবাজের
সদরগলি, সুশীল উরুপথের মোড়।
চারিদিকে মাংশের স্তূপ, মাংশের ভিতর লাল লাল রড
ফুলের টবে ভরে ওঠা বাড়ির ছাদে যেতে চাই, অনেক উপর থেকে
ছোটলোকদের দেখতে চাই, কেমন ছোট ছোট তারা
কেমন করে তারা রাস্তার পাশে রাত হলে বেঘোরে ঘুমিয়ে থাকে,
কুলিমজুরদের কথা বলে বলে যারা টক শোতে,
সেমিনারে, রাস্তাঘাটে মুখে রক্ত আর ফ্যানা তুলে ফেলে
তাদের ড্রয়িং রুমে আমি যেতে চাই, একটু পা কেলিয়ে বসতে চাই।
আমার কোন ব্লেজার কিংবা টাই নাই
লুঙ্গি পরেও শহরে ঘুরিনা, তবু ঢাকা ক্লাবে ঢুকতে চাই
ফ্যাকাশে জিন্স পরে, টি-শার্ট বা সিলভার রেইনের কালো শার্টে,
দেখতে চাই উপনিবেশিক মাস্টারবেশন,
আর এলিটদের গায়ে এখনো কতটুকু কৃষকের ঘ্রাণ আছে,
আর কত ছটাক বিদেশী।
মেঘভরা চোখের সাধারণ মানুষের করটিতে ফুটে ওঠা
হে স্বদেশ, তোমার বক্ষদীর্ণকারীদের গম্বুজ
ভরে উঠুক পাখিদের বিষ্ঠাতে, চাপাবাজ, ফড়িয়া, দালাল আর
ঠগেরা সেই বিষ্ঠার জগতে রাস্তার ঘুমানো মানুষের
ভঙ্গি হয়ে উঠুক, আমি তাদের কোমরে
বিচুটি ঘষতে চাই।
চোখের পিচুটি ডলতে ডলতে সরাসরি ঢুকে যেতে চাই
দারিদ্র্য বিমোচন পত্রের সমস্ত পাতায়।
ড্রাগনের ডোরাতে মিশে যেতে চাই মৃত্যুর পরোয়ানা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



