আজ সকালে বাংলাদেশ বিমানের সোনরগাঁও হোটেলের সেলস সেন্টারে গিয়েছি, বাবা-মার জন্য টিকেট কাটবো বলে। শুক্রবার আমার গাড়িচালকের ছুটি থাকে তাই নিজেকে চালাতে হয়। গাড়ি পার্ক করে সামনের গেইটে গিয়ে দেখি বন্ধ। ভাবলাম রোদের জন্য বন্ধ করে রেখেছে, তাই ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তখনই শুনলাম যে, অফিস বন্ধ! ওরা শুক্রবার দোকাল খোলে না। কী আর করা!
সন্ধ্যায় সুব্রতসহ মতিঝিলে বিমান অফিসে গেলাম। যাবার পথে সুব্রত বললো - নগদ টাকা নিছেন তো? ওরা কিন্তু কার্ডে টাকা নেয় না। আমি বলরাম হতে পারে না। ২০০৯ সালে কেহ বেশি টাকা নগদে নিয়ে দৌঁড়াবে এটা ভাবা যায় না।
যাহোক, গেলাম ডোমেস্টিক কাউন্টারে। তিন ভদ্রলোককে পেলাম। টিকেটের কথা বলতে একজন বললেন- এখানে টিকেট পাবেন না। ইন্টারন্যাশনালে ৬-৭ নং কাউন্টারে যান। আমি বললাম আসার সময় সেখানে কাউকে দেখি নাই। বললের সমস্যা নাই। লোক এসে যাবে।
ওদিকে যাবার পথে ভাবলাম সুব্রত-এর কথার সত্যতা যাচাই করি। ক্যাশ কাউন্টারে গিয়ে যা শুনলাম তাতে তাজ্জব বনে গেলাম। ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে টিকেট কাটা যাবে না। সুব্রত হেসে বললো কাছে ডাচ বাংলার বুথ আছে!!!
আমি ৬-৭ নং কাউন্টারে গেলাম। কেহ নাই। কারো লক্ষণও নাই। একমাত্র যে লোকটি বসে ছিলেন তিনি বললেন যে কেহ নাই। যে লোক আমাকে ৬-৭ নং কাউন্টারের কথা বলেছিল তার কাছে গেলাম। তিনি বললেন - লোক এসে যাবে। আমি যেন অপেক্ষা করি।
কিছুক্ষণ পরে আবার গেলাম। এবার তিনি বললেন - আপনি এক কাজ করেন। দোতলায় গিয়ে নামায পড়ে আসেন। ততক্ষনে আমাদের লোক চলে আসবে।
আমি আরো কিছুক্ষণ বসলাম। তারপর আবার খোঁজ নিতে গেলাম। এবার দেখলাম যিনি এতক্ষণ আমার সঙ্গে কথা বলেছেন তিনিও আর নেই।
আমি আর সুব্রত আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




