ক.
গেল কুরবানী ঈদে পশুর চামড়া কেনার জন্য কিছুক্ষন পরপর যখন পাড়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আসছিল, দরকষাকষি করছিল, তখন একই ফ্লাটে বসবাসকারী একজন প্রতিবেশি, যিনি একটি সরকারি ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, অনেকটা রসিকতার সূরেই বলেছিলেন, কুরবানী চামড়া বিক্রি করে দরিদ্র মানুষের মাঝে বিতরণের আপাতত এটাই শেষ সুযোগ। আগামী বছর থেকে দরকাষাকষি নয়, বরং জিজ্ঞাসা ছাড়াই চামড়া টেনে নিয়ে যাবে। কারণ তখন থাকবে রাজনৈতিক সরকার।
আমার এ শ্রদ্ধেয় প্রতিবেশী এমন এক সময় এ কথাটি বলেছিলেন তখন মনে পড়ে সারা দেশে একটি রাজনৈতিক সরকারের জন্য তীব্র আকাঙ্খা জেগে উঠেছে। নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন গতিতে সবার নাভিশ্বাস অবস্থা। সরকারের নানা ব্যর্থতার চিহ্ন প্রায় সব খানে। বেশির ভাগ জনগনই আর চাইছিল না যে, কেয়ারটেকারের লেবাসে ও রকম একটি লেজগোবরে সরকার আর ক্ষমতায় থাকুক। তবু আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে আমার শ্রদ্ধেয় প্রতিবেশীর বক্তব্য প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সরকারের পক্ষ যায়নি। গেল অরাজনৈতিক-অগণতান্ত্রিক সরকারের পক্ষে। অতীতের পর্যবেক্ষণ এ রকম অনুসিদ্ধান্ত টানতে তাঁকে হয়তো অনুপ্রাণিত করেছে। বাধ্য করেছে। অতীতের রাজনৈতিক সরকারগুলোর সময় জনশৃঙ্খলা পরিস্থিতির এ রকম অধপতন দেখার পৌনপুনিক অভিজ্ঞতা সত্ত্বেও খুব বড় স্বপ্ন না হোক, মানুষ নতুন করে আশায় বুক বেঁধেছিল। নতুন রাজনৈতিক সরকার নিয়ে। তার প্রমাণ উৎসব মুখর পরিস্থিতিতে জাতীয় নির্বাচনে মানুষের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ। জন মানুষের এ জন অংশগ্রহণের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। বিপুল বিজয়ের আনন্দ নিয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ভোট নির্ভর এ রাজনৈতিক প্রক্রিয়ায় যারা পরিবর্তনে ভূমিকা রেখেছেন, ভোট দিয়েছেন রাজনৈতিক সরকার নিয়ে আমার প্রতিবেশির অভিজ্ঞতা নির্ভর অনুসিদ্ধান্তটি সত্য হোক এটা নিশ্চই তাদের কারও প্রত্যাশা নয়। এ রকম প্রত্যাশা থেকে তারা কেউ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নি। বরং তত্ত্বাবধায়ক সরকারের দু’বছর যে স্থবিরতা তৈরি করেছিল তা থেকে মুক্তির আকাঙ্খাটাই ছিল প্রবল এবং প্রত্যাশার কেন্দ্রবিন্দু। আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে বর্তমান সরকার সে জনপ্রত্যাশা রেখা কতখানি স্পর্শ করতে পেরেছে? আদৌ পেরেছে কি না? নাকি একটি ঋণাত্বক পথে ক্রমশ ধাবিত হচ্ছে? একজন সাধারণ ভোটার হিসেবে অন্য অনেকের মতো এ প্রশ্নগুলো আমার মনেও বারবার উদিত হচ্ছে। না জানি প্রতিবেশির কথাই সত্যি হয়ে যায় এ রকম একটি উৎকন্ঠা কাজ করছে । গত কয়েক দিনের ঘটে যাওয়া ঘটনা, পত্র-পত্রিকার সংবাদ আমাদের নাগরিক উৎকন্ঠাকে কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। আমরা ক্রমশ শংকিত হয়ে পড়ছি। আতংক যেন আমাদের ঘিরে ধরছে।
খ.
১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। কিন্তু ২০০১ সালের নির্বাচনে আবার হেরে যায়। খালেদা-নিজামীর চারদলীয় জোটের কাছে। সে সময় কারচুপি-ষড়যন্ত্র এর অভিযোগ করেছিল আ’লীগ। এখন যেমনটা করছে বিএনপি। কারচুপি-ষড়যন্ত্র সম্পর্কিত কিছু অভিযোগ আমলে নিয়েও বলা যায় সেদিন ভোটারদের একটা বড় অংশ আ’লীগকে প্রত্যাখ্যান করেছে, যেমনটি এবারে করেছে বিএনপিকে। এ প্রত্যখ্যানকারী নাগরিকদের প্রত্যক্ষ রাজনৈতিক দলীয় সম্পৃক্ততা নেই। কিন্তু ভোটের রাজনীতিতে এরা বড় নিয়মাক। এরাই প্রতিবার ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে। এবং দিবে। বিশ্লেষকরা মনে করেন, ২০০১ সালে আ’লীগ হেরে যাওয়ার অন্যতম কারণ সে সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। ঠিক একই কথা বিএনপির ক্ষেত্রেও সত্যি। এবারযে বিএনপির অভূতপূর্ব ভরাডুবি হয়েছে তার কারণও সারাদেশে জেএমবি সন্ত্রাসসহ সীমাহীন দুর্নতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সাথে সম্পর্কিত। অনেকেতো একধাপ এগিয়ে গিয়ে এ রকমও বলেছেন, জনগণ আ’লীগকে ভোট দেয়নি, ভোট দিয়েছে বিএনপি-জামাত জোটের বিপক্ষে। তাদের মতে এ সূত্রটি বুঝতে পারা আ’লীগের নীতিনির্ধারকদের জন্য জরুরি। খুব খুব জরুরি। এটি জরুরি অন্য রাজনৈতিক দলগুলোর জন্যও। যাতে করে রাজনৈতিক সরকারের সময় জনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পরিমাণ বেশি কেউ এ রকম সরলীকরণ টানতে না পারে।
গ.
অরাজনৈতিক সরকার যে কোন দক্ষ সরকার নয় এ নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই, ড. ফখরুদ্দিনের সরকার সেটিকে শতভাগ প্রমাণ করেছে। একটি জ্বলন্ত উদাহরণ তৈরি করে রেখেছে জাতির সামনে। তবু কথা থেকে যায়। একই কারণে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে। কেন রাজনৈতিক সরকারের সময় জনজীবন বিপদগ্রস্তকারী অপরাধের মাত্রা বাড়ে। কেন সন্ত্রসীরা প্রকাশ্যে এসে সন্ত্রাস করার দু:সাহস দেখাতে পারে?। বিগত বিএনপি-আলীগের কয়েক দশকের শাসনামাল পর্যবেক্ষণ করলে একটি উত্তর দাঁড় করানো যায়। তা হচ্ছে সন্ত্রাসী-অপরাধীদের দলীয় সংশ্লিষ্টতা। সম্প্রতিক পত্র-পত্রিকা থেকেও সে রকম আলামতই ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকার যেহেতু রাজনৈতিক দলীয় সরকার নয় সেহেতু তাদের দলীয় ক্যাডারের দায় বইতে হয় না। দলীয় সন্ত্রাসীদের প্রতি অলিখিত দায়বোধও তাদের থাকে না। এটি সন্ত্রাস দমনে প্রশাসনিক উদ্যোগ-পদক্ষেপ পরিচালনায় এক রকম গতিশীলতা তৈরি করে। বিপরীতে রাজনৈতিক সরকারগুলো বেশির ভাগ সময় ঘটনার ঘটক হিসেবে প্রতিপক্ষকে হাজির করতে চায়। বক্তৃতা-বিবৃতিতে ষড়যন্ত্র তত্ত্ব খুজেন। এ প্রক্রিয়াগুলো দলীয় পরিচয়ে সন্ত্রাসীদের শুধু নিরাপদ করে না, একই সাথে রাজনৈতিক দলের বাইরে থেকেও যারা সন্ত্রাস করেন তাদের জন্য আশকারা তৈরি করে। সন্ত্রাসকে ফৌজদারী অপরাধ হিসেবে না দেখে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার এ প্রক্রিয়ায় এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এভাবেই বিপুল ভোটে বিজয়ী একটি সরকার দ্রুত অজনপ্রিয় হয়ে উঠে। এটি অতীতে বিএনপির ক্ষেত্রে হয়েছে। আ’লীগের ক্ষেত্রেও হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে সংঘটিত নানা ঘটনার পরিপেক্ষিতে জনমনে এ প্রশ্নটাই আবার ঘুরে ফিরে আসছে। কিন্তু রাজনৈতিক সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশি অবনতি ঘটে এ রকম সরলীকরণকে ঠেকানো খুব জরুরি। এটি রাজনীতিক ও রাজনীতির স্বার্থেই দরকার। সে দরকারি কাজটি করতে হবে বক্তৃতা-বিবৃতির মাধ্যমে নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রকৃত উন্নয়নের মাধ্যমে। জননিরাপত্তা নিশ্চিত করে। সাধারণ নাগরিক হিসেবে আমরা সে দিকেই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। না হয় আমার প্রতিবেশির অনুসিদ্ধান্তই শেষ পর্যন্ত সত্য বলে মনে হবে। যা কোনভাবেই গণতন্ত্রের জন্য সুখের নয়, কেবলই অসুখের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী, এ রকম অসুখের অনুসিদ্ধান্ত আমরা চাই না। আমরা শান্তি চাই। নিরাপত্তা চাই। এ আমাদের খুব সামান্য চাওয়া।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৯ সকাল ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




