গতকাইলকা গেছিলাম ময়মনসিংহ। বিকালে বাইরে যাইতাছি একটা কামে, হঠাৎ আম্মা কইলো, "মুন্না, তাড়াতাড়ি রেডি হয়ে একটু ময়মনসিংহ যাতো, তোর আপুকে নিয়ে আয়" (এইহানে উল্লেখ কইরা দেই, আমার বড় বইনের শ্বশুরবাড়ী ময়মনসিংহ, মাঝে মইধ্যে যখন তার মনে চায়, তখন আমারে বা ভাইয়ারে ফোন কইরা ময়মনসিংহ যাইতে কয়, তখন আমি বা ভাইয়া, যে ফ্রী থাকি, সে যাইয়া আপুরে নিয়া আসি।)। তো আম্মা যখন কইছে, যাইতে তো হইবই। তখন বিকাল চাইরটা (ডিজিটাল), বাইরে আমার কাম কাইজ শেষ কইরা বাসায় আইতে আইতে ছয়টা বাইজা যাইবো। কিন্তু কামটা খুব ইমপর্টেন্ট। তাই আম্মারে কইলাম যে কামডা শেষ কইরাই তাড়াতাড়ি আইসা পড়ুম। সন্ধ্যা সাতটায় রওনা হইলে দশটার মইধ্যেই ময়মনসিংহ পৌছাইতে পারুম। পরেরদিন সকালে উইঠ্যাই আবার ঢাকা আইসা পড়ুম।
ঠিক আছে, ভালা কথা, রওনা দিলাম সাতটায়। কিন্তু ততক্ষণে বৃষ্টি শুরু হয়া গ্যাছে, সিএনজি নিয়া মহাখালী বাসস্ট্যান্ডে পৌঁছাইতে পৌঁছাইতে আটটা বাইজা গেল। ৬০ টাকার ভাড়া সিএনজিওয়ালা নিল ৮০ টাকা। কি আর করা। গেলাম সৌখিনের কাউন্টারে। গিয়া দেখি টিকেটওলার কুনো খবরই নাইক্কা। সৌখিনের বাস দাঁড়াইয়া আছে মাত্র একটা, সেইটা আবার কানায় কানায় ভরা। জিগাইলাম, পিছনের বাস কই? উত্তর পাইলাম: এহনও আহেনাই।
এদিকে আমার দেরি হয়া যাইতাছে। বাজে তখন সাড়ে আটটা। কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতেই দেখি, কানায় কানায় ভরা সেই সৌখিন বাসের মধ্যে আরও লোক উঠতাছে। এরা অবশ্য সিটে বসার সুযোগ পাইতাছে না, এদের বসতে হইতাছে ড্রাইভারের পাশে, ইঞ্জিনের উপরের সিটে (যেমনে লোকাল বাসে যাত্রী নেয়)। বৃষ্টি আরও বাড়তাছে দেইখ্যা আর দেরি করলাম না, উইঠ্যা গেলাম ওগো লগেই। ভাড়াও নিবো কম, ৭০ ট্যাকা মাত্র (টিকেট নিলে লাগত ১১০ টাকা)। তখনও যদি পিছনে পরের গাড়ি আইসা পড়ত, আমি নাইমা যাইতাম। কিন্তু পরের গাড়ির খবরই নাই।
একসময় গাড়ি ছাড়ল। লোকালের মত যাত্রী নিলেও গাড়ি লোকালের মত আস্তে চলল না, ভাল স্পিডে গাড়ি ছুটল। ইঞ্জিনের উপরে চিপা সিটে বইসা থাকতে থাকতে মাজা ব্যথা হইয়া গেল, তাই একটু উইঠ্যা দাঁড়াইলাম। সঙ্গে সঙ্গে কন্ট্রাকটার বলল, "ভাই দাড়াইয়েন না, এইটা লোকাল গাড়ি না। দাড়াইয়া গেলে যদি পুলিশ দেখে, তাইলে প্রব্লেম হইব।" শুইনা আমি একটু ভয় পাইয়া গেলাম।
বহুত কষ্ট কইরা বইসা আছি, গাড়ি ভালুকা পর্যন্ত গেছে, এমন সময় গাড়ি থামাইল পুলিশ। কনন্ট্রাকটর গেট খুলল, পুলিশগুলান আমগো দিকে তাকাইল, আমরা গাবতলীর হাটে বান্ধা ছাগলের মত বইসা রইলাম। একজন পুলিশ জোরে হাঁক দিল, "নামেন সবাই"। ড্রাইভার কইল, "কেউ নাইমেন না, কুনো অসুবিধা হইব না"।
তারপরে দেখলাম কন্ট্রাকটর একজন পুলিশ ভাইরে নিয়া একটু পিছন দিকে গেল। দুইমিনিট পরে আরেকজন পুলিশ আইসা একটা ডিজিটাল ক্যামেরা দিয়া আমগো একটা স্ন্যাপশট নিল। তারপরে গাড়িটা ছাইড়া দিল। আমরাও আমগো বুকের মইধ্যে আটকাইয়া রাখা নিঃশ্বাসটা ছাইড়া দিলাম।
আবার গাড়ি চলল। শেষপর্যন্ত ১১:৪৫ এর দিকে পৌঁছলাম ময়মনসিংহ।
এই পোস্টের ব্যাপারে আমার কিছুই কওয়ার নাই। যা কওয়ার আপনারা কইবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




