আরে আরে, ওকি কর প্যালারাম বিশ্বাস ?
ফোঁস্ ফোঁস্ অত জোরে ফোলোনাকো নিশ্বাস
জানো নাকি সে-বছর ও-পাড়ার ভৃতোনাথ,
নিশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপোকাত ?
হাঁপ ছাড় হ্যাঁসফ্যাঁস্ ওরকম হাঁ করে -
মুখে যদি ঢুকে বসে পোকা মাছি মাকড়ে ?
বিপিনের খুড়ো হয় বুড়ো সেই হল রায়,
মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলেরায়।
তাই বলি - সাবধান ! করোনাকো ধুপ্ধাপ,
টিপি টিপি পায় পায় চলে যাও চুপ্চাপ্।
চেয়োনাকো আগে পিছে, যেয়োনাকো ডাইনে
সাবধানে বাঁচে লোকে - এই লেখে আইনে।
পড়েছ তো কথামালা ? কে যেন সে কি করে
পথে যেতে পড়ে গেল পাতকোর ভিতরে ?
ভালো কথা - আর যেন সকালে কি দুপুরে,
নেয়োনাকো কোনদিন ঘোষেদের পুকুরে;
এ-রকম মোটা দেহে কি যে হবে কোন দিন,
কথাটাকে ভেবে দেখ কি-রকম সঙ্গিন।
চটো কেন ? হয় নয় কেবা যানে পষ্ট,
যদি কিছু হয় পড়ে যাবে শেষে কষ্ট।
মিছিমিছি ঘ্যান্ঘ্যা্ কেন কর তক্ক?
শিখেছ জ্যাঠামো খালি, ইঁচড়েতে পক্ক;
মানবে না কোন কথা চলা ফেরা আহারে,
এক দিন টের পাবে ঠেলা কয় কাহারে।
রমেশের মেজমামা সেও ছিল শেয়ানা,
যত বলি ভাল কথা কানে কিছু নেয় না;
শেষকালে একদিন চান্নির বাজারে
পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাঝারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


