কবি ও সম্রাট
(উর্দু কবিতার মশহুর কবি মীর তকি মীর-কে নিয়ে রচিত এ কাব্যনাটকের শেষাংশ আমার অসম্ভব পছন্দ)
মীর : এতক্ষণ ঢাকা ছিল ঘন কৃষ্ণ মেঘে
স্বরূপে প্রকাশ পেল ঝড়ো হাওয়া লেগে
সম্রাটের অগ্নিক্ষরা তীব্র জ্বালামুখ
শূলপাণি দণ্ডধারি মানবিক করুণা বিমুখ।
নিক্ষিপ্ত বজ্রের দাহ নামুক নামুক
অপমান অসম্মান কলঙ্কের ভার
নামুক কবির ঘাড়ে ভাগ্যের তরবার।
অত্যাসন্ন অন্ধকারে চিরস্থায়ী হোক
গভীর জমাট বাঁধা স্তব্ধতর শোক
অনাদি অনন্তকাল নয় পরমায়ু
প্রাণের সন্তাপ নেবে জল আর বায়ু।
এই প্রাণ অন্ধকারে কোন একদিন
সময় সিন্ধুর বুকে হয়ে যাবে লীন।
হাওয়াতে খোদাই করা অমর অক্ষরে
আমার করুণ মুখ যুগ যুগ ধরে
সময় সাগর বুকে বিদ্রোহী পদ্মের মত ছড়িয়ে সুঘ্রাণ
গেয়ে যাবে মুক্তি প্রেম আনন্দের গান।
হে সম্রাট তাই হোক, তবে তাই হোক
নিক্ষিপ্ত বজ্রের দাহ নামুক নামুক
অপমান অসম্মান কলঙ্কের ভার
নামুক কবির ঘাড়ে ভাগ্যের তরবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




