নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগ দলীয় ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় কর্মী খুন, সন্ত্রাস, জুয়া ও মদের ভাটি চালানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও পতিতাব্যবসায় মদদদানের অভিযোগ করেছে দলীয় অপরপক্ষ।
আজ বিকাল ৪টায় স্থানীয় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, বড়াইগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার তার সাঙ্গপাঙ্গদের সহযোগিতায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে একের পর এক চাঁদাবাজি, টেন্ডারবাজি করে যাচ্ছে। তার সন্ত্রাসীদের চাঁদাবাজিতে বাধা দেয়ার কারণেই গত ৮ সেপ্টেম্বর উপলশহরে নূরু ডাক্তারের দোকানে হামলা করা হয়েছে এবং দলীয় কর্মী আশরফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই নেতার প্রত্যক্ষ মদদে স্থানীয় সিনেমা হলে প্রকাশ্যে নীল ছবি প্রদর্শন, পতিতাবৃত্তি ও জুয়া চালানোর অভিযোগ করেন তারা।
তারা অভিযোগ করেন, রাজ্জাক চেয়ারম্যান ও তার শীষ্যরা পবিত্র রমজান মাসে ইফতার মাহফিলের নামে এলাকার জুয়ার আসর, মদের ভাটি, সিনেমা হল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা তুলেছেন। এরা বিভিন্ন ব্যক্তির নিকট থেকে চাকুরী দেয়ার নামে টাকা নিচ্ছে, এমনকি বিধবাভাতা, বয়স্ক ভাতা, ভিজিএফ কার্ড, টিউবওয়েল, রিং স্লাব বিতরণের জন্যও উৎকোচ গ্রহণ করছে। সংবাদ সম্মেলনের আহবায়ক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু বলেন, তাদের এসব অপকর্মের প্রতিবাদ করার কারণে এবং আগামী নির্বাচনে নিজের মনোনয়ন না পাওয়ার সম্ভাবনার কারণেই এ চক্রটি আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা এসব অপকর্ম বন্ধ না করে উল্টো এসব অপকর্মের ভার আমার উপরে চাপানোর জন্যই সাংবাদিক সম্মেলনের নামে মিথ্যার বেসাতি করেছে।
তিনি দাবী করেন, এ খুনী চক্রের সাথে যোগ দিয়েছে বড়াইগ্রাম থানা পুলিশ। পুলিশকে নিষ্ক্রিয় রেখে এরা এলাকায় একের পর এক হত্যা-সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তাদের মদদেই পুলিশ এ পর্যন্ত আশরফ হত্যা মামলার একজন আসামীকেও গ্রেফতার করেনি। তিনি ইতিপূর্বে সংবাদ সম্মেলনের নামে তার বিরুদ্ধে মিথ্যা ও অসত্য তথ্য প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে দলীয় কর্মী আশরফ হত্যার মদদদাতা রাজ্জাক সরকার, মান্নান মেম্বার ও অন্যান্য আসামীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দল থেকে এসব খুনী, মাতাল, লম্পট, ঘুষখোর ও পতিতাব্যবসায়ী নেতাদের বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দলীয় ভাবমূর্তি পুনরুদ্ধারের দাবী জানানো হয়। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্য মাহবুব উল হক বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ ছানা, ও বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল হক মতিন। এ সময় নিহতের পিতা আফছার আলী, নুরু ডাক্তার, ছাত্রলীগ নেতা আবুল কালাম, বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



