রাহেলা আমার মা আমার ধর্ষিত বাংলাদেশ। রাহেলাকে অপমান করেছে, চরম নৃশংসতায় তাকে যন্ত্রণাদগ্ধ করেছে সাভারের কুলাঙ্গার লিটন ও তার সন্ত্রাসী সহযোগীরা। মৃত্যুযন্ত্রণায় আমার মা যখন পানি পান করতে চেয়েছে নর্দমার কীটরা তখন তার মুখে ঢেলে দিয়েছে এসিড! আমার মা তবুও হারেনি, শেষ জীবন শক্তি দিয়ে লড়াই করেছে। চিহ্নিত করে দিয়েছে নরাধমদের। আমরা তার সন্তানরা আজ দরজায় দরজায় মায়ের অপমান আর হত্যার বিচারের দাবিতে ঘুরে বেড়াচ্ছি। আবেদন-নিবেদন করছি সমাজের-রাষ্ট্রের কর্তাদের কাছে। বিচারের বাণী আর কতোদিন কাঁদবে? কতোদিন আর আমরা সইবো এই পাষাণভার? জঙ্গলের শাসনই কি চলবে এদেশে?
রাহেলা আমার মা ধর্ষিত বাংলাদেশ। আমার মা প্রতিদিন ধর্ষিত হচ্ছে! আমারে মাকে প্রতিদিন অপমান করা হচ্ছে। '৭১-এ তাকে ধর্ষন করেছে ইয়াহিয়া, টিক্কা খান আর তাদের সহযোগী কুলাঙ্গার গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কাদের মোল্লারা। সারা বিশ্ব সাক্ষী, বিশ্ব মানবতা সাক্ষী- আমার মাকে তারা ধর্ষন করেই অসম্মান করেনি, তার স্তন কেটে নিয়েছে, তার জঙঘা বেয়োনেটে ক্ষতবিক্ষত করেছে। অসহায় আমার মা কাতরে কাতরে আজো সেই অন্যায়ের বিচার চাইছেন।
রাহেলা আজ শুধু একজন বিচ্ছিন্ন নারী নন, রাহেলা আমার মা ধর্ষিত বাংলাদেশ। কুলাঙ্গার লিটন আর গোলাম আযম-নিজামীর মধ্যে কোনো ফারাক নেই। আমরা সন্তানরা কি পারবো না মায়ের অপমানকারীদের বিচার করতে? মায়ের লজ্জা আর কতো সইবো? আর কতোকাল অপেক্ষা করবো? আমরা সভ্য হবো আর কবে? কবে? কবে?
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


