পুরান ঢাকার আগামাসি লেনের কায়েতটুলিতে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছে।
আহত হয়েছে অর্ধশতাধিক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রপাত বলে দমকল কর্মকর্তারা জানান।
রাত সোয়া ১১টার দিকে তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার ও তার দুই মেয়ে অদিতি (৭) ও সেঁউতি (৯), বাবু (৩৫), হাসান সিরাজি (৩৫) ও সনু (৩)।
অজ্ঞাত লাশগুলোর মধ্যে তিনটি শিশু, তিনজন মহিলা রয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছে।
দমকল কর্মকর্তারা জানান, প্লাস্টিক কারখানার রাসায়নিক পদার্থ থেকে আগুনের সুত্রপাত। চোখের পলকে আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীরা জানান, আগুন লাগার পরপরই লোকজন সেখানে ছুটে যায়। কিন্তু আগুনের তাপের মুখে তারা কিছুই করতে পারেনি। এসময় ভবনগুলোর বাসিন্দাদের চিৎকারে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, কায়েতটুলির সাপ মন্দির রোডে এ অগ্নিকাণ্ড ঘটে।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ জানান, খবর পেয়ে সদরঘাট, লালবাগ ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


