আমরা অগ্রজ
শাফিক আফতাব...................
এখন আমাদের হেলেপড়া বিবর্ণদিন__ধূসর ধুম্র কুয়াসা __
এখন আমাদের অনুর্বরতা আর ঝরাপাতাদের ক্রন্দন,
এখন আমরা অপাংক্তেয়, উচ্ছিষ্ট পুকুরের জলে শ্যাওলা ভাসা ভাসা__
এখন আমাদের ভালোবাসার নেই কোনো মন।
এখন আমাদের প্রয়োজন নেই__আমরা অবসর প্রাপ্ত নিথর কর্মচারি
আমাদের কথা, স্বর, সব আজ অপলাপ বলে মনে হয়
আমাদের আর কিছু নেই__একদিন করেছি যে ঘর, জমি_বাড়ি
আমরা আজ বসে বসে খাই__আমরা শুধু শুধু করি অপচয়।
একদিন আমরা ঝড়ঝঞ্ঝায়, ঘামে সংগ্রামে কুঁড়েছি দানা
পুষে পুষে বড় করেছি মানবসন্তানের, দেখায়েছি আকাশের নীল,
মণীষা শুশ্রূষা আর বোধের দোলে, রক্তে দিয়েছি চেতনা __
আজ আমাদের কিছু নেই__কত সংকীর্ণ আমাদের নিখিল।
একদিন দিয়েছি, রক্তে, বোধে, ঘামে, সংগ্রামে এক দেশ, ইতিহাস
তাই নিয়ে গর্ব তোদের আজ, আমরা বুড়ো, নুলো__এই পরিহাস।
১৩.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

