//সেই তুমি কেমন সৌন্দর্যের সুরালোক হয়ে উঠেছো//
#শাফিক আফতাব #
যে আমি তোমাকে অবহেলা করতাম ;
আজ তোমার কথা মনে হলে বেশ ভালো লাগে __
মনের গহীন কোথাও আনন্দ পাই, সুগন্ধি ফুল ফোটে,
পুলকে প্লুত হই__কেমন যেন ভালো লাগা নির্জন নদী হয়ে যায়।
অথচ এক সময় তোমাকে কতই না ঘৃণা করতাম
তোমার আগমন আমার বিষের মতোন মনে হয়েছিলো
তোমার চিঠিগুলো ছুড়েঁ মেরেছিলাম তিস্তার জলে
তোমার চাহনি ডাইনি ভেবেছিলাম
তোমাকে কত অবহেলা করেছিলাম আমি, কত ঘুণা করেছিলাম
তুমি শুধু একদিন রামসাগরের জলে ভিজতে চেয়েছিলে
নীলশাড়ি পরিহিত তোমাকে দেখতে বলেছিলে.....
(তখন আমার প্রখর যৌবন, অজস্র প্রজাপতি দিন, ফুরফুরে
বুকের জমিন)
আজ সেই তুমি কত মধুর মতোন মনে হও
আজ সেই তুমি কেমন সৌন্দর্যের সুরালোক হয়ে উঠেছো
আজ সেই তুমি আমার আনন্দের এক অনুপম অনুষঙ্গ !
কেনো তবে তোমাকে অবহেলা করেছিলাম ?
কেনো তোমার অভিবাদন দলেছিলাম ?
কেনো তোমার চোখে চোখ রাখিনি, বুঝিনি তোমার চোখের ফুলেগুলো ছিলো
সবচে সুবাসিত, আর তুমি ছিলে পেলবপ্রেমের এক পুষ্পমানবী।
আজ কতগুলো বছর পর তুমি আমার শাান্তির এক অনুভব হয়ে উঠেছো.......
তোমাকে ভোলা যাচ্ছেনা কোনোমতে !!
১৮.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

