আগুন নিয়ে তো আমিই খেলেছি, সে দায়টা তো আমারই
যদি ভালোবাসার ঘর ভস্ম হয় তবে তোমাকে দোষাবো কেনো
পরকীয়া প্রিয়ারে আমি তো নিজেই কিনে দিয়েছি রঙিন শাড়ি
বর্ষার নদী দেখোনা কেমন বেপরোয়া, উন্মাদ উছলানো।
আবেগের ভারে যদি হৃদয়ের লতাপাতায় ধরে কামনা ফুল
তুমি কী করে এড়াবে জীবনের অনিবার্য অমোঘ সূত্রাবলি
ভালোবেসে তাই কিন্তু মানুষ করে বসে ভুল
মিছেয় আলেয়ার পিছে ঘুরে মানুষ লিখে পদাবলি।
ভালোবাসার উৎসু খুঁজে আমি পেয়েছি জৈবিকসূত্র এক
রক্তের তাড়নায় ঝড় উঠে হৃদয়ের আকাশে যেমন বর্ষার মেঘ__
আসন্ন বৃষ্টির গানে যেমন কোলাহলে ডাকে নৃত্যরত ভেক
জীবন তো ছুটবেই, ফুল তো ফুটবেই, দেখো না বর্ষা-নদীর বেগ।
আগুন খেলায় আমি হেলায় নষ্ট করেছি আমার সাজানো জীবন
সে দায়তো আমারই, হোক উজাড় আমার ফলবতী বৃক্ষের বন।।
১৬.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


