![]()
![]()
![]()
![]()
যে ছবিগুলো আপলোড করেছি, সেগুলো আজ সবাই দেখেছেন। তাই আম্পায়ারদের নির্লজ্জ পক্ষপাতিত্বের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। গোটা পৃথিবী দেখেছে, রক্ষক কতভাবে ভক্ষক হতে পারে, লজ্জা-শরম সব ভুলে কিভাবে দলকানা হতে পারে। পৃথিবীর বড় বড় ক্রিকেটারটা টুইট করেছেন, আলোচনায় বলেছেন, এরপর আর আমাদের আলাদা করে বলার কিছুই নেই। পৃথিবীতে ক্রিকেট আরও অনেক দিন বাঁচবে। কিন্তু, আজকের আম্পায়াররা এবং সেই সাথে আইসিসি চিরকালের মত কলঙ্কিত হয়ে থাকল। আমি নিশ্চিত, ভারতও এই জয়টি নিয়ে প্রাণভরে গর্ব করতে পারবে না, ততটা খুশি হতে পারবেনা, ঠিক যতটা হবার কথা ছিল।
খুব সম্ভবত ২০০৩ সালের কথা। ভারত খেলতে গেছে অস্ট্রেলিয়ায়। সেসময় ভারতের অবিসংবাদিত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি টেস্ট ম্যাচের কথা। ভারত ফিল্ডিং এ। আম্পায়ার অভিজ্ঞ স্টিভ বাকনর। বাকনর সারাটা দিন ধরে ভারতের বিপক্ষে সব এলোমেলো সিদ্ধান্ত শুনিয়ে গেলেন। দিনশেষে আইসিসি’র কাছে লিখিত অভিযোগ দিলেন সৌরভ। তাঁর সেই প্রতিবাদী আচরণটুকু ভালো লেগেছিল সেদিন।
আজ যেটা হল, আমার মতে, শুধু আড়ালে মুখ গুজে কান্না করাটা অনুচিত হবে। কান্নাতো আমরা করছিই। গোটা দেশের বুকেই তো রক্তক্ষরণ হচ্ছে। চাপ আরও আছে, স্লো ওভার রেটের কারণে মাশরাফিকে একম্যাচের জন্য বহিষ্কার করেছে আইসিসি এবং সাথে তাঁর আজকের ম্যাচফির ৪০% কেটে নেয়া হয়েছে।
এত কিছুর পরও, খুব খুশি হতাম, যদি মাশরাফি আজ ২০০৩ এর সৌরভের মত কিছু একটা করে বসতেন। বিনয় তো আমাদের আছেই, নিজেদের ভুল গুলো স্বীকার করার মানসিকতাও আমাদের আছে। কিন্তু, বৈধ প্রতিবাদ তো কোন অন্যায় নয়। অনেকেই বলবেন, এসব খেলারই অংশ। হ্যা, দুর্ভাগ্য খেলার অংশ। কিন্তু অন্যায় খেলার অংশ নয়। আমি মনে-প্রাণে চাই, মাশরাফি আজ প্রতিবাদ করুক। আইসিসি’র কাছে লিখিত অভিযোগ জমা দিক। গোটা পৃথিবী দেখুক, ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আর কতটা লজ্জাহীন হতে পারে।
আইসিসি সভাপতি আ.হ.ম. মুস্তফা কামাল এমনটাই ইঙ্গিত দিয়েছেন। আমি চাই, এমনটা হোক। বাংলাদেশ বাজে আম্পেয়ারিং এর প্রতিবাদ করুক। আমি নিশ্চিত, তাঁরা গোটা পৃথিবীজুড়ে সমর্থন পাবে।
আর বাংলাদেশ এবারের বিশ্বকাপে যা খেলেছে, এতটা আমি আশা করিনি। ক্রিকেটারদের নিয়ে আমরা গর্বিত। আরও একটু গর্বিত হব, যদি তাঁরা আজকের এই অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায়ের প্রতিবাদ না করাটাও অন্যায়। আমাদের ক্রিকেটাররা নিশ্চই অন্যায়কে প্রশ্রয় দেবেন না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





