“জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যু সেখানে শেষ কথা নয়”।
শ্লোগানটি তুমি নিপুন হাতে এঁকেছিলে শহরের অজস্র দেয়ালে।
তবু বন্ধু, মৃত্যই এখানে শেষ কথা, কোথাও নেই তুমি।
সেই পাতলা গড়নের মানুষটা তুমি ঘাড় বাকিয়ে আর হাসো না।
টিএসসি, মধুর ক্যান্টিন, পল্টন, প্রেসক্লাব কোথাও সেই হাসি নেই।
নেই পোস্টারগুলোতে তোমার হাতের ছাপ, অথবা
রঙিন করো না বিশ্ববিদ্যালয়ের ফাঁকা দেয়ালগুলো। কেউ খোঁজে না তোমায়।
বন্ধু; শেষ দিনগুলোতে তুমি ছিলে ভিষণ নীরব, চোখে মুখে বিষন্নতা।
পাতলা গড়নের সেই তুমি হয়েগিয়েছিলে আরো হালকা, আরো ছোট।
যেনো দখিনের হাওয়া তোমাকে এক ঝাটকায় উড়িয়ে নিয়ে যাবে।
অবশেষে উড়িয়ে নিয়ে গেছে পূর্ব অথবা পশ্চিম থেকে তেড়ে আসা হিংস্র একটি ট্রেন।
তুমি ছোট থেকে আরো ছোট হলে। আরো হালকা গড়নের হলে।
এতোই হালকা যে ছোট্র একটি বালতিতে তোমার ঠাই হলো। সবশেষে সজিব ঘাসের নিচে।
আমিও হালকা হয়ে পড়ছি বন্ধু, ছোট থেকে আরো ছোট।
কিন্তু আর চাই না তোমার মতো হতে। অপেক্ষায় থাকি না কোন এক হিংস্র ট্রেনের।
কারণ বাকি পোস্টারগুলো যে আমাকেই লিখতে হবে।
(১৭ অক্টোবর, ২০১৪ পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



