যেতে পারি, কিন্তু কেন যাবো
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভালো
এত কালো মেখেছি দু হাতে
এতকাল ধরে ।
কখনো তোমার করে, তোমাকে ভাবিনি,
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে আয়, আয়, আয় ।
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতা কাঠ ডাকে আয়, আয়, আয় ।
যেতে পারি,
যে কোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু কেন যাবো ?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো
যাবো
কিন্তু, এখনি যাবো না
তোমাদেরও সঙ্গে নিয়ে যাবো
একাকী যাবো না অসময়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


