জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন এবং এদেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সংগঠিত হওয়ার জন্য আমরা ডাক দিয়ে যাই। পাকিস্তান আমলে আমরা পশ্চিম পাকিস্তানিদের উপনিবেশিক শোষণের শিকার হয়েছি। ১৯৭১ এর পাকিস্তানি শোষকরা চলে গেছে। কিন্তু এদেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মেহনতি মানুষ, ছাত্র, নারীদের ভাগ্যের কি কোন পরিবর্তন ঘটেছে? যে লক্ষ্যে ৭১ সালে এদেশের লাখো মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই কাঙ্খিত স্বাধীনতা ও মুক্তি কি ঘটেছে? না!
৭১ এর পর আমরা পাকিস্তানিদের হাত থেকে তো মুক্তি পাই, কিন্তু আমেরিকা ও অন্যান্য সাম্রাজ্যবাদী দেশ, দক্ষিন এশিয়ার বৃহৎ শক্তি ভারতের শাসন-শোষনের অধীন হয়ে পড়ি। ৭১ এর নেতৃত্ব, যারা জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল তারা এদেশের জনগণ এবং এদেশের জাতীয় স্বার্থের সাথে বিশ্বাসঘাতকতা করে, নিজেদের সাম্রাজ্যবাদ ও ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠা করে। ৭১ পরবর্তী আওয়ামীলীগ, বিএন.পি, জাতীয় পার্টিসহ সকল সরকারই এই দালালি অব্যাহত রাখে। এর ফলশ্রুতিতেই আমাদের জাতীয় বিকাশ ব্যাহত হয় এবং আমরা নতুন শোষকদের শোষণের শিকার হয়ে পড়ি।
বিগত ৩৭ বছরে সাম্রাজ্যবাদী বিশ্বব্যাংক, আই.এম.এফ, দাতা গোষ্ঠীর পরিকল্পনা অনুযায়ী এদেশের দালাল নেতৃত্ব জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে একে একে দেশের সকল উৎপাদনমুখী শিল্প কারখানা ধ্বংস করে সস্তা শ্রম নির্ভর রপ্তানীমুখী শিল্পের বিকাশ ঘটায়, কৃষিকে ধ্বংস করে, এদেশের তেল-গ্যাস-কয়লাসহ সকল প্রাকৃতিক সম্পদ বিদেশীদের হাতে তুলে দেয়; ব্যাংক, রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান, সকল কিছুকে লোকসান দেখিয়ে বেসরকারীকরণের নামে বিদেশী কোম্পানীর হাতে তুলে দেয়; বিদেশী বিনিয়োগ বৃদ্ধির মাধ্যেমে দেশকে সাম্রাজ্যবাদের সস্তা মুনাফালাভের ক্ষেত্রে পরিণত করে; দেশকে সাম্রাজ্যবাদী পণ্য ও ভারতীয় পণ্যের বাজারে পরিণত করে; সেবাখাতগুলোকেও সাম্রাজ্যবাদের মুনাফা লাভের ক্ষেত্রে পরিণত করে; দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলে যেন শিক্ষিত জনগোষ্ঠী এদেশের মানুষের উন্নয়নে নয়, সাম্রাজ্যবাদের চাকর হিসেবে ব্যবহৃত হতে পারে। এদেশের অর্থনীতির স্বাধীন বিকাশ ব্যাহত করে তাকে সাম্রাজ্যবাদী পরিকল্পনা অনুযায়ী পরনির্ভরশীল অর্থনীতি হিসাবে গড়ে তোলে, যে অর্থনীতিবিদেশী কোম্পানীর পুঁজি বিনিয়োগের উপর নির্ভর করে টিকে আছে। এভাবে বিদেশীদের মুনাফার স্বার্থে ক্রমাগত ধ্বংস হচ্ছে দেশের অর্থনীতি এবং জন সম্পদ।
শুধু অর্থনীতির ক্ষেত্রেই নয়, রাজনীতির ক্ষেত্রেও এর ফলে সৃষ্টি হয়েছে চরম নৈরাজ্য ও অরাজকতা। দেশের শাসক শ্রেণীর লক্ষ্য দেশ ও জনগণের উন্নয়ন নয়, বরং যে কোন মূল্যে ক্ষমতা দখল এবং সাম্রাজ্যবাদের দালালি, লুটপাট,ঘুষ, দুর্নীতির মাধ্যমে টাকার পাহাড় বানানো। তাদের দালালি এবং ক্ষমতার লোভ এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে, রাজনৈতিক ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ন্যুনতম ক্ষমতাও তাদের নেই এবং রাষ্ট্রীয় প্রতিটি বিষয়ে খবরদারীর জন্য তারা মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ রাষ্ট্রদূতকে ডেকে আনে এবং তাদের তাঁবেদারী করে। বর্তমান সময়ে এই কথার সত্যতা অনেক বেশী। দেশ শাসনের একটি অলিখিত লাইসেন্স তারা মার্কিনিদের দিয়ে রেখেছে।
উপরোক্ত অর্থনৈতিক ও রাজনৈতিক পরাধীনতার বিরুদ্ধে দেশের মানুষের যেকোন প্রতিবাদকে স্তব্ধ করার জন্য পুলিশ, আর্মি, রেব সদা তৎপর এবং বর্তমানে বাহিনীগুলোকে আরো আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। সংবিধানে এবং কাগজে কলমে জনগণকে অনেক অধিকার দিলেও বাস্তব সত্য হল নিজেদের দাবী-দাওয়া পেশ করার, তার জন্য সংগঠন, সংগ্রাম গড়ে তোলার, স্বাধীনভাবে নিজের মত প্রকাশের কোন স্বাধীনতা মানুষের নেই। জনগণের যে কোন ন্যায্য আন্দোলনই দমিত হচ্ছে বাহিনী ও অস্ত্রের মাধ্যমে। আজ মানুষের জীবনের স্বাধীনতাও নেই। রেবের ক্রসফায়ার তারই জ্বলন্ত প্রমাণ। ফলে এদেশে গণতন্ত্র বলতে যা আমরা দেখতে পাই তা প্রকৃত পক্ষে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের গণতন্ত্র নয়, তাদের অধিকার প্রতিষ্ঠার, দাবী-দাওয়া তুলে ধরার, অধিকারের জন্য সংগঠন, সংগ্রাম গড়ে তোলা নয়, বরং এদেশে গণতন্ত্র আছে গুটিকয় মানুষের জন্য যারা মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতের দালাল এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে শোষণ করেই যারা মুনাফার পাহাড় বানিয়েছে।
কিন্তু....... মানুষের দুর্দশার এই মুল কারণগুলোকে কখনোই মানুষকে বুঝতে দেওয়া হয় না। দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনই হচ্ছে এ সময়ে মুক্তির একমাত্র পথ। শোষণ-নিপিড়ণমূলক আধা উপনিবেশিক, আধা সামন্তীয় সমাজটাকে ভেঙ্গে জাতীয় গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন, বাড়িয়ে দিন হাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




