এই লেখা কোনওক্রমে যদি আমার ফেবু বন্ধু-শুভানুধ্যায়ীদের চোখে পড়ে... বিষয়টা নিয়ে একটু ভয়ে ভয়েই আছি। হাজার হলেও, ফেবুতে আমি মোল্লা মানুষ। সামু নিয়ে ভয় নেই, এখানে জাত বিজাতে কিচ্ছু এসে যায় না। কৃতজ্ঞ, সামু আমার কাছে অনেকটাই লালনের আখড়ার মত, তুমি কে, তুমি কী, কিসসু এসে যায় না- এসো, সুর ধরো অথবা পাশে দাঁড়িয়ে তাল দাও বা নাক কুঁচকাও, কিসসু এসে যায় না।
সামুর থিমটা তুমি আমি পাশাপাশি টাইপ, তাই ফেবুতে না লিখে সামুতেই...
ছেলেবেলাতে তো নয়টা স্কুলে পড়েছিলাম।
বাপধনের চাকরির সাথে টৈটৈ করে সারাদেশ ঘোরা। স্কুলপ্রতি তিনমাস থেকে বড়জোর টেনেহিঁচড়ে দুই বছর।
তো প্রথমদিকে হেব্বি গুডবয় গুডবয় ভাব ছিল আমার মধ্যে। বাঁশে ঘুণ ধরতে আর কদিন লাগে?
সেই গুডবয়কালে, ক্লাস সিক্সে আমাদের নবনিযুক্ত ধর্ম স্যার এসে বেশ আমোদিত কন্ঠে জিগ্যেস করেছিলেন, কালকে/পরশু তো তাজিয়া মিছিল বের হবে, যাবে না তোমরা?
স্কুলপড়ুয়া ছেলেরা বিদ্যান হয়। স্যারের রঙেই সব বুঝে ফেলে। সব্বাই মাথা নাড়ে। যাবে না।
যাও না?
না স্যার।
স্যার দাঁড় করিয়ে করিয়ে জিগ্যেস শুরু করেন। যাও না? ছেলেরা সত্যিমিথ্যা বলে। আমি বললাম, কখনো যাইনি। স্যার বিশ্বাস করেন না।
তিরিশটা বছর কেটেছে। ঢাকার সবচে জমকালো তাজিয়া মিছিল পাশদিয়ে চলে গেছে, কখনো দেখার চোখ তুলে তাকাইনি। একবার শুধু পুরান ঢাকার সবচে বড় ইমামবাড়াটায় গেছিলাম কলেজে থাকতে। তাও বন্ধুদের শখ মেটাতে। এর সাথে জগন্নাথ হলে পূজায় যাওয়ায় কোন তফাত ছিল না আমার কাছে। দুটাতেই অপ্রস্তুত এবং কিছুটা নতুন রীতি দেখার সাথে সাথে বোরড ফিল করেছিলাম। (দূর্গাপূজার মন্ডপে বহুত গেছি, সেটা আবার অস্বীকার করছি না। তবে, উৎসব দেখতে। বদমায়েশি করতে নয়। নিতান্তই নাদান মনোভাব।)
আমরা হলাম, যাকে বলে রীতিমানা মুসলমান। অন্তত নীতিগতভাবে আমরা ধরে নিই, পারি বা না পারি, রীতি মানি। শরীয়তি।
সেই আমি স্ব-ইচ্ছায় আজকে নিজে নিজে একবার গিয়েই এলাম মার্সিয়া ক্রন্দনের মিছিলে। ত্যাগ তো মহানের কাজ, ওইসব আমার দ্বারা হবে না।
বিষয়টা যেন কেমন। নবী দ.' পরিবার বা আহলে বাইতকে যেমন নীতিগত গুরুত্ব দেয়ার কথা, তা মনে করতাম দিয়েই আসছি।
মনে পড়ে, বহু বলেছি, শিয়াদের এই কুফরি রীতি। নিজেকে আহত করা। আহাজারি করা। অনেক অনেক নতুন আজব কাজ করা।
আর শুনেই এসেছি, মুশরিক, মুশরিক।
আমরা সূফিতত্বে বিশ্বাসীরা অবশ্য শিয়াদের মুশরিক বলি না। আহলে বাইতের ভালবাসার বিষয়ে তাদের সাথে আমাদের কোন মৌলিক দ্বিমত নেই। তবে প্রথম তিন খলিফা সহ অগুণতি সাহাবি রা. কে অস্বীকার ও অপমান করায় ও ইসলামের মৌলিক অনেক বিষয় অস্বীকার করায় তাদের কুফরি হয়, এটুকু অবশ্যই বলি।
কিন্তু এবার একটু বেশিই উলটপালট হল। আশুরা সববারই আসে। এবার একটু কীভাবে যেন এল।
জীবনভর শুনে এসেছি, কারবালার 'মর্মস্পর্শী কাহিনী', 'হৃদয় বিদারক', 'উম্মাদ করে তোলা', 'সুস্থভাবে সহ্য করা অসম্ভব...'। বিষাদ সিন্ধু কখনো পড়িনি। বাংলা সাহিত্যের সংযোজন হিসাবে কোন একদিন পড়ব- এরচে বেশি আকর্ষণ ছিল না।
আশুরার আগের রাত থেকে কয়েকটা সোর্স ঘেঁটে কীসব জানা শুরু করলাম। এখন তো সোর্স আঙুলের ডগায়। তুমি যা চাইবে, তাই পাবে। শুধু চাও। সাধুসন্তদের এই কথা এখন আক্ষরিক অর্থেই সত্যি। ইনফো যুগ বলে কথা।
তো বিশ্বাস্য এবং নির্ভরযোগ্য সোর্স থেকে দেখতে দেখতে জানতে জানতে অবস্থা খারাপ হওয়া শুরু করল। এদ্দূর? এদ্দূর তো ভাবিনি! আরো এদ্দূর?
প্রত্যয় হল। না। কারবালার ঘটনা এই কারণে হৃদয়বিদারক নয় যে, নবী দ.'র পরিবার নিহত হয়েছেন। বরং এই কারণে ভয়ানক এবং সত্যিকার 'হৃদয় বিদারক' টার্মের যোগ্য যে, একজন সৎ, মানুষই বলি, মহামহিম কথাটা উহ্যই থাক- একজন সৎ মানুষ কতটা সৎ হতে পারে, কতটা ন্যায়নিষ্ঠ হতে পারে, একটা লম্বা জীবনে কত কৃচ্ছতা আর কষ্ট করতে পারে, আর তারপর তার উপর এত বড় অত্যাচার কীভাবে সবংশ হতে পারে!
বাসায়ই একা একা শুয়ে বসে ঘাঁটছিলাম। দেখছিলাম।
কালকে রাত থেকে মনে হচ্ছিল শরীরটা আক্ষরিক অর্থেই ফেটে পড়বে। হাত পায়ের চামড়া ছিঁড়েখুঁড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটবে এখানে সেখানে। আমার প্রচন্ড মানসিক প্রেশার হলে একটা কাজ অবশ্যই করি, প্রচুর জর্দা দিয়ে পান মুখে দিই। তামাকের পুরনো অভ্যাসের শরণাপণ্ণ হওয়া। নার্ভাস ব্রেকডাউন কখনো হতে দিই না। তা আমার জন্য খুবই খারাপ। অতীত বাজে হিস্ট্রি আছে।
পানের জোগাড় হল। একের পর এক মুখে দিচ্ছি। মাথা ঠান্ডার বদলে আরো উন্মাতাল হচ্ছে।
হৃদয়বিদারক মানে হৃদপিন্ড ছিন্নভিন্ন হওয়া। অনুভব হল, শরীরের ভিতরের এই অযুত কণার তাপ কমাতে না পারলে মারাই যাব। মাথার রক্তনালীগুলো ছিঁড়েই যাবে।
মনে হল সব পড়ে থাক। বেরিয়ে যাই। ঘুরে বেড়াই। এ পোশাকেই। প্রয়োজনে এও পড়ে থাক। কেউ না চিনুক। পথে গিয়ে ঘুরতে ঘুরতে কোথাও মরে পড়ে থাকি।
চোখ দিয়ে পানি পড়লে একটু পর মানুষের মনটা শান্ত হয়। চোখ দিয়ে পানি পড়ে, আরো ভারি লাগে। কখনো চোখ দিয়ে পানি পড়ে না, প্রচন্ড অস্থিরতা। বড় বড় শ্বাস নেয়া।
মনে হয় কিছু একটা করতে হবে। কিছু একটা। যদি প্রচন্ড বিটে গান শোনা যেত! ঘন্টার পর ঘন্টা... যদি দৌড়ানো যেত অনেকক্ষণ... ভাবলাম নেচেকুদে পাগলামি করে শরীরটা জুড়াই। তাপ উবিয়ে দেই। ক্লান্তিতে অস্থিরতা নাশ।
কিন্তু কোথায়? কীভাবে আর কী করে?
লাইট নিভিয়ে দরজা জানালা বন্ধ করে স্ক্রিনের উপর কাঁথা দিয়ে অন্ধকার করে নিয়ে হাত দুটা উপরে তুলে ঘরের ভিতর পায়চারি করলাম কিছুক্ষণ। পাগলামির খেলো ইচ্ছা। হচ্ছে না। হবে না। তোমার হবার নয়।
হঠাৎ বুঝতে পারলাম, এই 'মুশরিকগুলা' আসলে কী করে। প্রভু, এই 'কাফিরগুলা' কেন এমন করে।
দামামার শব্দে সম্মোহন এনে মনকে শান্ত করা। প্রচুর পরিশ্রম করে শরীরকে শান্ত করা। নিজের পিঠে চাকুছুরি চালিয়ে শারীরিক ক্ষত করে মনের ক্ষত পরিষ্কার করা। এবং অবশ্যই, একটা সামরিকতার আচ্ছাদন।
কুফরি রীতি। প্রাচীণ জঙলি রীতি। আরে দুনিয়াটা তো জঙ্গলই। আর আল্টিমেটলি আমরা সবাই জঙলি। আর কুফরির কথা কেই বা বলতে পারে? পাপ পূণ্যের কথা কাহারে শুধাই?
আজকে সন্ধ্যা পর্যন্ত এমন করেই কেটে গেল। তারপর আক্ষরিক অর্থেই ছুটে গেলাম (অটো থেকে নামার পর) একটা মার্সিয়া মিছিলে।
ভীমবলে ঢোলের বাদন।
বাজনাটা শুধু ইয়া হুসেইন, ইয়া হুসেইনে সীমাবদ্ধ।
সবকিছু পাশ কাটিয়ে সেই বাজনার কাছে গিয়ে দাঁড়ালাম। বাজাও, তোমার আমার অস্থিরতা শব্দাকারে বাতাসে ছড়িয়ে দাও।
চোখ খুলে দেখি, তৃপ্তি হয় না। অন্তত দেড় ডজন বাজিয়ে কী ক্রোধেই না বাজায়! চোখ বন্ধ করি। হাঁটু থেকে মাথার তালু পর্যন্ত দিদ্রিম দিদ্রিম আওয়াজ শকওয়েভ হয়ে গায় বাড়ি মারে।
চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি। লজ্জিত, অপ্রস্তুত দেহে দাঁড়িয়ে থাকি। অনভ্যস্ত মুখে আউড়ে যাই। মনে মনে। শরীরের রক্তকণাগুলোয় সাউন্ড ওয়েভের আঘাত আসে। বুক কাঁপে। পেট-পা-গলা কাঁপে। সর্বাঙ্গ অস্থিরতা ছড়িয়ে দিয়ে দিয়ে বলে, ইয়া হুসেইন, ইয়া হুসেইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

