
প্রিয় সন্ধ্যাতারা ♥,
তোমার কাছে আর একটা খোলা চিঠি লিখতে ইচ্ছে হল। জানি না চিঠিটা তোমার চোখে পড়বে কিনা ! নাকি নিউজফিডের হাজার হাজার অক্ষরের ভীড়ে অবহেলায় হারিয়ে যাবে। যাক না... কত কথাই তো হারিয়ে যায়। হারানোর তালিকায় না হয় আরো কিছু শব্দ যুক্ত হবে। এ আর এমন কি !!
আচ্ছা,তোমার মনে আছে শেষ চিঠি লেখার কিছুদিন পরই আমাদের সব কথা কেন জানি বন্ধ হয়ে যায়। কোন কারণ ছিল না। হয়ত বিক্ষিপ্ত আমি তোমার এত ভালবাসা সহ্য করতে পারি নি। ডুব দেয়াটা খুব দরকার, বুঝলে?? এতে করে মায়া বাড়ে। ফিরে আসার পর এই যে তুমি রাগ করে কথা বলনি এতে কি হল জানো? এতে ভালবাসাটা না আর একটু বেড়ে গেল। দূরত্বটা কমে গেল । আমি জানি একদিন এই দূরত্বটা কমে যেতে যেতে একদম হারিয়েই যাবে আর আমি হারিয়ে যাবো আমার সন্ধ্যাতারা হাতে হাত রেখে।
লজ্জা লাগছে তোমার? ভাবছ ছেলেটা এত পাগল পাগল কেন? হুট হাট কি সব আজগুবি কাজ করে বসে। ঠিকই ধরেছ তুমি। তুমি পাগলের পাল্লায় পড়েছ। আর কোন ছাড়াছাড়ি নেই।
বৃষ্টি তোমার ভাল লাগে বলেছিলে। বলেছিলে বৃষ্টি হলেই নাকি তোমার ভিজতে ভীষণ ইচ্ছা করে তারপর জ্বর বাঁধিয়ে গাল ফুলিয়ে বসে থাকা। আমি বলেছিলাম মেয়ে শুনো, বৃষ্টিতে একা ভিজতে হয় না। ভিজতে হয় কারো সাথে। তাহলে আর বৃষ্টি তার সৈন্য নিয়ে জ্বর বাঁধাতে পারে না। দু'জন ঢিসুম ঢিসুম করে তাড়িয়ে দেয়া যায়।আমার বাচ্চা বাচ্চা কথারর বিনিময়ে তুমি শুধু হেসেছিলে। কি ছিল সেই হাসিতে?? রহস্যের হাসি। আমি দেখি নি কিন্তু অনুভব করে নিয়েছি। কি আবারো মাথা গুলিয়ে যাচ্ছে তোমার?
জানো আমার মাঝে মাঝে খুব একা লাগে। পরক্ষণেই ভাবি এই তো আর কয়েকটা দিন মাত্র। অপেক্ষা জিনিসটা কষ্টের। সবকিছুর জন্য অপেক্ষা করা যায় না, সবার জন্য অপেক্ষা করা যায় না। অপেক্ষা শুধু প্রিয় মানুষ আর প্রিয় জিনিসের জন্যই মানায়।
হয়ত এমনো হতে পারে আজ যেটা কিবোর্ডের অক্ষরে ভাষা পাচ্ছে সেটাই কারো কাজল চোখে মুগ্ধ হয়ে ভাষা পেতে পারে। তুমি অপেক্ষা করো সন্ধ্যাতারা। আমি রাতের আধাঁরে পথ খুঁজে নেব তোমায় দেখে দেখে।
উড়ো চিঠি নাকি বেশি লিখতে হয় না । তাও দেখ কতটা লিখে ফেললাম। যেকোন সময় প্রাপক প্রেরকের পরিচয় পাঠক বুঝে ফেলতে পারে।
তোমার,
অগোছালো আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

