রমজানের শেষ ১০ দিন সরকারী ছুটি এখন সময়ের দাবী। এতে বিদ্যমান সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু হলো রাজধানীতে যানজট। এ সমস্যা এখন স্মরণকালের রেকর্ড ভঙ্গ করেছে। রমজনের শেষ দশদিনে যে কি হবে একমাত্র আল্লাহই জানেন। আধ ঘন্টার পথ চলতে যদি তিন ঘন্টা সময় লাগে তা আমাদের প্রিয় এ নগরীকে পরিত্যক্ত করার পথেই এগিয়ে নিয়ে যাবে। এজন্য দরকার ১০ দিনের সরকারী ছুটির। ছুটি দেয়া হলে রমজানের শেষ নাগাদ বেশিরভাগ মানুষ তার গ্রামের বাড়িতে চলে যাবেন। যানজট কমে যাবে।
দ্বিতীয়ত : বর্তমান সূর্যালোক সংরক্ষণ সময় অনুযায়ী রাত ৮ টার মধ্যেই দোকান পাট বন্ধ করতে হয়। এসময় ইফতার শেষ হয় মাত্র। এতে দোকানীদের মাথায় হাত। ব্যবসা বাণিজ্য লাটে ওঠার যোগাড় হয়েছে। লোকজন সাধারনত ইফতারের পর কেনাকাটা করতে যান। এ কারণে তারা কেনাকাটা করতে পারছেন না। ফলে বেশিরভাগ মানুষ রমজানের শেষ কয়েকদিন কেনাকাটা করতে যাবেন। এতে এবারের পরিস্থিতি কি যে ভয়াবহ হয়ে ওঠবে তা সহজেই অনুমেয়। এ সমস্যা এড়াতে চাইলে ঈদের দশদিন আগে ছুটি দেয়া যেতে পারে। তাতে লোকজন আগেভাগে কেনাকাটা করার সুযোগ পাবেন। দোকানীরাও কয়েকদিন আগে ক্রেতা পাবেন। ফলে বাজার পরিস্থিতিও স্থিতিশীল থাকবে। হঠাৎ করে দাম বেড়ে অর্থনীতিরও ক্ষতি করবেনা।
তৃতীয়ত: এ কথা স্বীকার করতেই হবে আমাদের এ গরীব দেশে যোগাযোগ কাঠামো একসঙ্গে এতসংখ্যক মানুষের স্থানান্তরের জন্য সংগতিপূর্ণ নয়। একারণে জরিপে দেখা গেছে যে, ঈদে গ্রামের বাড়ি যাওয়া আসা করতে কমপক্ষে ২০০ জন মানুষের মৃত্যু হয়। এদের বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ও লঞ্চ ডুবিতে মারা যান। আমি ব্যক্তিগতভাবে এর কারণ অনুসন্ধান করে দেখেছি। ঈদের সরকারী ছুটি তিন দিন করা হয়। ফলে দেশের বিভিন্ন শহর থেকে একযোগে কয়েক কোটি লোক রাস্তায় নেমে গ্রামমুখী হন। এত লোক পরিবহনের কোন ব্যবস্থা আমাদের নেই। ফলে তখনকার চিত্র আমাদের সকলের জানা। স্বল্প সংখ্যক গাড়ি ধারণ ক্ষমতার চেয়েও বেশি লোকজন পরিবহন করতে যায়। বারবার আইন প্রয়োগ করেও কোন লাভ হয়নি। এতে মানুষের দুর্ভোগ বাড়ে বৈ কমেনা। অথচ দশ দিন ছুটি পেলে আমি হলফ করে বলতে পারি সড়ক দুর্ঘটনা স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। বেঁচে যাবেন কয়েশ শ লোকজন ও তাদের পরিবার।
চতুর্থত: অর্থনীতির সবচেয়ে বড় বিষয় হলো অর্থের গতিশীলতা। শহরের মানুষ গ্রামে গিয়ে ১০ দিন অর্থব্যয় করবেন। ফলে গ্রামের লোকের হাতে অর্থ আসবে। এটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। ২০০৭ সালের জরুরী অবস্থার সময় আমি দৈনিক মানবজমিনে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতাম। ওই সময় দুর্নীতি বিরোধী আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা যায়। অর্থনীতিবিদদের তরফ থেকে বলা হয় ব্যবসায়ীরা তথাকথিত আতংকে ভুগছেন। আমি উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান স্যারের কাছে মন্দার কারণ সম্পর্কে জানতে চাইলাম। তিনি বললেন, ব্যবসায়িদের ছাড়া দিতে হবে। দুর্নীতিবাজ হলেও যতটুকু পারা যায় ছাড় না দিলে অর্থনীতি বাচবেনা। কারণ অর্থের গতিশীলতা প্রয়োজন। তারা টাকা না ছাড়লে সাধারণ মানুষ অর্থ পাবেনা। আমি বললাম স্যার, তাহলেতো পথেঘাটে চাঁদাবাজি অর্থের গতিশীলতার জন্য দরকার। স্যার যেটা বললেন, তার সারমর্ম হলো- মুক্তবাজার অর্থনীতির চরিত্র এই রকমই। আমার মনে হয়, বর্তমান মুক্ত সময়ে লোকজন গ্রাম পর্যায়ে অন্তত দশদিন ধরে অর্থ ব্যয় করলে অর্থের গতিশীলতা বাড়বে। স্থানীয় পর্য়ায়ে উতপাদিত পণ্যের দাম কৃষক ও উতপাদনকারীরা পাবেন।
আমি কয়েকদিন ধরে ফেইসবুকের স্টাটাসে দশ দিন ছুটির আবেদন করে যাচ্ছি। এতে অনেক সাড়া পেয়েছি। অনেকেই এর বিরোধীতা যেমন করেছেন আবার সমর্থনও করেছেন। বিরোধীতাকারীদের বক্তব্য হলো- দশ দিন ছুটি হলে দেশের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। আমাদানী রপ্তানী শেষ হয়ে যাবে। আমরা বাইরের দেশ থেকে পিছিয়ে পড়বো। ব্যাংক বন্ধ হয়ে গেলে দশদিনেই দেশ অচল হয়ে যাবে। এ ক্ষেত্রে আমার বক্তব্য হলো- সরকার দশ দিনের ছুটি দিলেও ব্যাংককে এর বাইরে রাখাই হবে যুক্তিযুক্ত। বর্তমানে ঈদের দিনেও ব্যাংক খোলা রাখা উচিত। বেসরকারী ব্যাংকগুলো এ কারণে এটিম বুথ স্থাপন করে এ বিষয়ে অনেকদুর এগিয়েছে। সরকারী ব্যাংক যে এ ব্যবস্থা করতে পারেনি তা তাদের ব্যর্থতা ছাড়া কিছুই নয়। আর সরকারী অফিসে যে কাজ কর্ম কি হয় তা বুঝতে মানুষের আমার মতো সাংবাদিক হওয়ার প্রয়োজন পড়েনা। আসি যাই মাইনে পাই, কাজ করলে ওভার টাইম। আজকের দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে জানা যাচ্ছে, গরীবের জন্য ওষুধ কিনতে দেয়া বিশ্ব ব্যাংকের একশ ২৩ কোটি টাকা ফেরত যাচ্ছে। এ টাকা ব্যয় করা যায়নি। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যয় করতে পারেনি। আমাদের কপাল কাকে বলে! এ যদি হয় ফলাফল তাহলে কোন মন্ত্রণালয়ের কাজের দোহাই দেয়ার নৈতিক অধিকার কারো নেই।
এছাড়া স্বীকার করতেই হবে-রমজান মাসে অফিস আদালতে কাজ কম হয়। সরকার এ কারণেই সরকারী অফিসের জন্য আলাদা সময়সূচী নির্ধরণ করেছেন। এ অনুযায়ী বেসরকারী অফিসও আলাদা সময় নির্ধরণ করেছে। ওদিকে ২৭ আগস্ট থেকে হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট এক মাসের জন্য বন্ধ হয়ে গেছে। এর ইতিবাচক একটি দিক রয়েছে। অন্তত রমজানের মধ্যে লোকজনকে মামলা নিয়ে সুপ্রীম কোর্টে আগের মতো দৌড়াতে হবেনা। তবে অবকাশ কালীন বেঞ্চে মামলা চলবে। অন্য সরকারী অফিসেও এ ধরনের জরুরী ব্যবস্থা রাখা যেতে পারে। যাতে আমদানী রপ্তানীতে কোন প্রভাব না পড়ে।
আমি জানিনা আমার এ লেখা সরকারের কোন পর্যায়ের চোখে পড়বে কিনা। তবে আমরা যদি সবাই একযোগে এসব যুক্তি তুলে ধরি, এর সঙ্গে ঐক্যমত হই তাহলে এ বছরই রমজানের শেষ দশদিন সরকারী ছুটি কার্যকর হতে পারে। আর ফলাফল ইতিবাচক হব বলেই আশা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




