হও যদি সেই পাখি/ শেখ জলিল
তোমায় ভেবে মনটা উথাল হৃদয় মাখামাখি
স্মৃতির বনে শিস দিয়ে যায় গানের দোয়েল পাখি।
ঝাউবনের ঐ আকাশ ছুঁয়ে নামে মেঘের পরী
নদীর জলে ছন্দ তুলে আসে সোনার তরী।
সেদিনের সে স্মৃতিগুলো কাঁদায় নিরালাতে
একলা একা এখনও মন তোমার অপেক্ষাতে।
ব্রহ্মপুত্র পাড়ের মেয়ে কোথায় এখন তুমি?
ডাকছে তোমায় দেশের ছেলে প্রিয় স্বদেশভূমি!
দাও ঠিকানা যাবো উড়ে মেঘের ভেলায় চড়ে
দেশ-মহাদেশ ঘুরে ঘুরে তোমার বসতঘরে।
বছর ঘুরে বছর আসে সুখ আসে না মনে
মনে পড়ে প্রথম দেখা যেদিন মধুর ক্ষণে!
ইচ্ছে করে বিশাল বুকে তোমায় ঢেকে রাখি
আকাশ হয়ে আসবো কাছে হও যদি সেই পাখি!
২৬.০৪.২০০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



