
যেহেতু তোমার এ যাওয়াই শেষ নয়,
আশা করি তুমি আবার আসবে ফিরে।
আশা করি দিন আবার আসবে রোদ আর ফাগুন নিয়ে...
বন জুড়ে হবে উৎসব-
শত গুচ্ছ গুচ্ছ ফুলে।
আবার বাতাসে মহুয়া মাতাল-
মৌচাক ঢালা ঘ্রাণ ,
আবার আমার অরণ্যে সেই কোকিলের কুহু তান !
আশা করে আছি শুনবেই তুমি ফিরবার আহ্বান!
তন্দ্রা মাতাল ঘোর লাগা মন
বহু উৎসব শেষে-
আরো কিছু দূর ঘোরের মধ্যে চলবার আশা রাখে।
আরো কিছু দিন অপেক্ষা,-
আর প্রত্যাশা পুষে থাকে ।
আশা করে আছে এই মন সেই দিনের শুরুতে শেষে,
তোমার রূপেই দেখবে তোমায়-
ফাল্গুনী সমাবেশে।
যেহেতু তোমার এ যাওয়াই শেষ নয়-
শুক্লপক্ষ কিংবা কোনও কৃষ্ণা তিথির ভোরে,
আশা করে মন-
বাঁধবে তোমায় বিরহিণী তিথিডোরে।
যেহেতু আবার ফাগুনের আশা রাখি,
আমার বনের গুচ্ছ ফুলের মৌ-মধু তুলে রাখি।
আশা করি সেই
শুভ লগ্নেই
গ্রহণ লাগার শেষ,
সেই উৎসব আনবে বলেই
কভু ছেড়েছিলে দেশ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

