

যদি এমন হত, প্রতিটা অনুভূতির একেকটা রঙ, তাহলে হাতের মাঝে তুলি নিয়ে সেই রঙে রাঙিয়ে শব্দ আঁকতাম। এভাবে বর্ণ দিয়ে শব্দ লিখতে আর ভাল লাগে না। মনটা যখন খুব খারাপ থাকে, অথবা মনটা যখন খুব খুশি থাকে, এই বর্ণ বুননের চিন্তায় লেখার সময় অনুভূতির অর্ধেকটাই কমে যায়।
যার আর ভাল লাগে না এসব। লিখে লিখে বা হয়ত মুখে বলে মনের ভাব প্রকাশ করার ব্যাপারটা আসলে অপূর্ণ। কাউকে কিছু বোঝানো যায় না। ব্যথা হলে যেভাবে চিৎকার দেই, কষ্টে যেভাবে কাঁদি আবার হসি পেলে যেভাবে হাসি দেই, কষ্ঠস্বরটা সেরকম স্বতস্ফূর্ত আওয়াজের জন্যেই সৃষ্টি। আর কিছু না। এত শব্দ বুননের জন্য না বোধহয়।
ভাষার সংজ্ঞা যদি এমন হত যে, শুধু চাহিদা প্রকাশের জন্য, তাহলে বোধহয়, বর্তমান সব ভাষাই ফুলমার্কে উৎরে যাবে। কিন্তু, যখন সংজ্ঞা দেই, ভাষা মনের ভাব প্রকাশের জন্য। তখন বোধহয় সব ভাষাই মুখ থুবড়ে পড়বে।
যার ভাষার জ্ঞান যত প্রখর, সে নাকি মনের কথা তত ভালভাবে সবাইকে বলতে পারে। কবি লেখক বা ঔপন্যাসিক। যারা এমন না, যারা কবি না, তাদের কী অনুভূতি নেই? তাদের মনে কী রঙ খেলে না? তারা কেন আহলে শব্দ খুজে না পেয়ে কাতরাবে?
ভাষা কী শুধু তাহলে কবিদের জন্যেই?
কিছু সময় থাকে, যার কথা মানুষকে বলতে চাইনা। কাউকে জানানোরও দরকার নাই। শুধু নিজেরই মনে রাখতে চাই। কিছু সময় পর পর মনে রাখতে চাই, শুধু নিজেকে বলতে চাই। পারি না। নিজেকে বুঝানোর শব্দের অভাবে অনুভূতি গুলোর রঙ নিজের কাছেই ফুটিয়ে তুলতে পারি না। শুধু একটা গোঙানী, নিজের কাছেই ব্যাথার মত ফুটে বুকের বামে।
এই লেখা আমি কোথায় রাখব? নিজের কাছে জমা রাখার রুচি হচ্ছে না, মানুষের এই ভাষা যা মুখ থুবড়ে পরে আমার অনুভূতি গুলোর অর্ধেক বর্ণনাতেও,তা আর নিজের কাছে রেখে আর লাভ নেই। অবার্চীন ক্যামেরাও নিখুঁত ছবি দেয় সময়ের, আর আমরা মানুষ সেই সময়ে কী ভাবছিলাম, তা নিখুঁত ভাবে বোঝাতে পারি না কাউকেই।
যদি কবিতা লিখতে পারতাম, একটা হয়ত কবিতা লিখতাম। পারিনা বলে কী আমি এখন কাতরাবো? ভাষা কি শুধু কবিদের জন্যেই?
একটা ভাষা খুঁজছিলাম। ক্যানভাসের মত। মনের রঙ যেখানে ছাপ ফেলে। কান্নার মত সহজ, হাসির মত উচ্ছ্বল, রাগের মত জোরালো।
© মুক্ত লেখা। নিজের কাছে স্বত্ব রাখার রুচি হচ্ছে না আজ।
(অনেকদিন আগে একটা সময় আমার সব লেখার ট্যাগ থাকত "উপলব্ধি"। সময়ের হাত ধরে সেই ট্যাগ আর তা লেখার ধৈর্য্য হারিয়ে গিয়েছিল। আজকে বহুদিন পরে আবারও ট্যাগ দিলাম। এই লেখার ট্যাগ, "উপলব্ধি"।)
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



