অনেক শোলক, অনেক ছড়া
নজরুলের "বিদ্্রোহী" কবিতা পুরোটা মুখস্ত ছিল আমার
আবৃত্তি করে পুরস্কারও পেয়েছিলাম স্কুলে
একদা অন্তর জুড়ে থাকা সেই কবিতার গোটা দশেক লাইনও
আজ আর মনে করতে পারিনা।
খুব ভক্ত ছিলাম সুনীল এর
কাকাবাবু'র বই পেলে হুমড়ি খেয়ে পড়তাম।
হরর মুভির দারুন পোকা ছিলাম
জিবের ডগায় ঝুলে থাকা নামগুলো ভিডিও ক্লাবে যেয়ে
এই শিশু আমি যখন আউড়াতাম
তাজ্জব না বনে ওদের কিচ্ছু করার ছিল না!
দাবা খেলার দারুন নেশা চাপল আমার
যখন আমি ইস্কুলে পড়ি
দাবার 64 ছকে করতাম দিনাতিপাত
রুই লোপেজ, কিংস ইন্ডিয়ান, সিসিলিয়ান
আরো কত্তো রকম ডিফেন্স যে নখদর্পণে ছিল!
আর আজ আমি দাবার বোর্ড উলটেও দেখিনা
আমার একসময়ের চারণভূমি
আজ নাম না জানা গ্যালাক্সির মতোই নিরুদ্দেশ।
এরকম তুমিও একদিন নিরুদ্দেশ হবে
যেই আমি প্রতি মুহূর্তে তোমায় ভেবে
তোমার কথা ভেবে
ব্যাকুল হতাম, আকুল হতাম
সেই আমি আর তোমাকে ভাবব না
একটি সেকেন্ড তোমার পেছনে ব্যয় করা
নেহাত অপচয় মনে হবে আমার!
কথায় কথায় পুরনো কোন বন্ধু তোমার নাম বলে ফেললে
মনে করতে কয়েক মিনিট লেগে যেতে পারে!
এভাবে করেই তোমাকে ভুলে যাব আমি
খুব শিঘ্রই, খুবই দ্্রুত।
এদিকে তাকাও, দ্যাখো।
আইনসটাইন এর সূত্র এক্ষুনি ভুল প্রমান করবো গণিত না জানা এই আমি -
আলোর বেগকে তাচ্ছিল্য করে।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


