আসল নাম যাই হোক, লোকে তাকে লালের বাপ বলেই ডাকতো। পান খাওয়া টুককটুকে লাল ঠোঁট, প্রায় দুধে-আলতা গায়ের বরণ পুরুষেরও হয়, এই কথা লালের বাপের গোলাপী গালের দিকে চেয়ে বুঝেছিল পাড়ার লোক।
লালের বাপ সম্পর্কে আমার দাদাজান। গৃহে তার মন ছিল না। মন ছিল না সংসারে। কৃষি কাজ, ফসলী জমিন সব ভুলে তিনি মজেছিলেন যাত্রার প্রেমে। কী সুন্দর ঘোমটা দিয়ে যাত্রার মঞ্চে তিনি হাঁটতেন লালবউ। দাদীজান ক্ষেদ করে বলতেন, কিমুন সোনার সংসার ধীরে ধীরে জলে ভাইস্যা গেলো! তবু, তার সংসারে ফিরলো না মন।
কবির হৃদয় সে নিজে বেছে নেয় নাই। লালের বাপ, আপনিই বংশপরম্পরায় তাকে দিয়েছেন না-সংসারের রোগ; দিয়েছেন বুলি, লোকে যা করতে বলে তা নয়, চিত্ত যা ব্যাকুল হয়ে করে তাতেই সংসার রচিত হয়।
০৭.০৩.১৭
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


